অন্দরমহলে শুরু হয়েছে নতুন বিভাগ ‘সেলিব্রিটির রান্নাঘর’। প্রতি মাসে একজন সেলিব্রিটি ভাগ করে নিচ্ছেন তাঁর প্রিয় পদ ও সেই রান্নার রেসিপি। এই পর্বে অভিনেতা অঙ্কুশ হাজরা।
পনিরের ডাল
এটা হয়তো অনেকেই জানেন যে বই দেখে আমি বেশ ভালোই রান্নাবান্না করতে পারি। একটা রান্নার বই কিনেছিলাম। যেখান থেকে শিখে মোট ২২টি পদ রান্না করেছিলাম। সেই সব পদ মা এবং পরিবারের সকলকে খাইয়ে পেয়েছিলাম একেবারে দশে দশ! কাজের জন্য আমাকে বেশিরভাগ সময়ই ডায়েটে থাকতে হয়। তখন পাতে ভাত বা রুটি থাকে না, বরং থাকে ডিমসেদ্ধ কিংবা চিকেন সেদ্ধ। তবে সেই নিয়ম থেকে বেরলেই মাকে বলি, তোমার হাতের সেরা রান্নাটা আজ আমায় খাওয়াও। মায়ের হাতের আলু দেওয়া মুরগির মাংসের পাতলা ঝোল, পোস্তর বড়া, আলু পোস্ত— সবই অসাধারণ। মা আর একটা রান্না দারুণ করে, সেটা পনিরের ডাল। এককথায় অতুলনীয়। এক সপ্তাহ ডায়েটের পর মায়ের হাতের এই রান্নাগুলো আমার কাছে অমৃতসমান। বর্তমান পত্রিকার সকল পাঠক-পাঠিকার জন্য রইল আমার মায়ের হাতের সেই বিশেষ পনিরের ডালের রেসিপি।
উপকরণ: মুগ ডাল ১ কাপ, মুসুর ডাল ১ কাপ, পনির ১৫০ গ্রাম, মাঝারি টম্যাটো ১টি (কুচি করা), কাঁচালংকা ২টি, গোটা জিরে, জিরে গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো আধ চা চামচ, তেজপাতা ১টি, শুকনো লংকা ১টি, সরষের তেল পরিমাণ মতো, ঘি ১ চা চামচ, গরমমশলা গুঁড়ো সামান্য, নুন ও চিনি স্বাদ মতো।
প্রণালী: প্রথমে মুগ ডাল ও মুসুর ডাল ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল ও সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিন। খেয়াল রাখতে হবে, ডাল যেন অতিরিক্ত গলে না যায়। ডাল সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখুন। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে সামান্য নুন ছড়িয়ে পনিরের টুকরোগুলি অল্প আঁচে সোনালি করে ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে প্রয়োজন হলে আরও সামান্য সরষের তেল দিয়ে গোটা জিরে, অর্ধেক করে নেওয়া তেজপাতা ও শুকনো লংকা ফোড়ন দিন। সুগন্ধ বের হলে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এর পর টম্যাটো কুচি ও সামান্য নুন দিয়ে টম্যাটো নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করুন। এবার হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পরিমাণ মতো গরম জল ও চেরা কাঁচালংকা দিয়ে ফুটতে দিন। ডাল ফুটে উঠলে ভেজে রাখা পনিরের টুকরোগুলি দিয়ে মাঝারি আঁচে আরও ৪-৫ মিনিট রান্না করুন। ডাল ঘন হয়ে এলে স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। সবশেষে ঘি ও সামান্য গরমমশলা গুঁড়ো ছড়িয়ে আঁচ বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এতেই তৈরি মায়ের হাতের বিশেষ পনিরের ডাল। গরম ভাত, রুটি কিংবা লুচির সঙ্গে অনবদ্য লাগে।



