Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অজি সফরেই ঠিক হবে বিরাট-রোহিতের ভবিষ্যৎ, মনে করছেন শাস্ত্রী-কুম্বলেরা

একদিনের ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। দীর্ঘদিন ধরে তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। টি-২০ ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছিলেন দুই মহাতারকা।

অজি সফরেই ঠিক হবে বিরাট-রোহিতের ভবিষ্যৎ, মনে করছেন শাস্ত্রী-কুম্বলেরা
  • ১৪ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নয়াদিল্লি: একদিনের ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। দীর্ঘদিন ধরে তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। টি-২০ ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছিলেন দুই মহাতারকা। টেস্ট ক্রিকেটকেও জানিয়েছেন আলবিদা। আপাতত তাঁরা শুধু ওয়ান ডে ফরম্যাটেই খেলবেন। লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। কিন্তু পরিস্থিতি যেদিকে এগচ্ছে, তাতে কোহলি ও রোহিতের পক্ষে এতদিন ফর্ম ধরে রেখে এগিয়ে যাওয়া বেশ কঠিন। তার বড় কারণ, প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁরা অনিয়মিত। সমস্যা দেখা দিতে পারে ফিটনেসের। এই সব প্রশ্নের উত্তর পেতে সকলের চোখ এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে। কোহলি ও রোহিতকে রেখেই স্কোয়াড ঘোষণা হয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন, ডনের দেশেই হয়তো বিদায়ী ম্যাচ খেলে ফেলবেন তাঁরা। ২০২৭ পর্যন্ত রোহিত, কোহলিকে বয়ে বেড়াতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। আসলে সবই জল্পনা। না আঁচালে বিশ্বাস নেই। 

Advertisement

এর মধ্যেই প্রাক্তন ক্রিকেটাররা মুখ খুলতে শুরু করেছেন। প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং অবশ্য কোহলি, রোহিতকে নিয়ে পূর্ণ আশাবাদী। তিনি সাফ জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো সেঞ্চুরি হাঁকাবে কোহলি। ও বড় রানের অপেক্ষায় আছে। বিরাটের ফিটনেস নিয়ে কোনও কথাই চলে না। ভারতীয় দলের অন্য যে কোনও ক্রিকেটারের থেকে ও এগিয়ে। আমি তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রো-কো জুটির ব্যাটে রানের ঝলক দেখার অপেক্ষায়।’
প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর কথায়, ‘অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্সের উপর অনেক কিছু নির্ভর করবে। বিরাট ও রোহিতের মধ্যে কতটা খিদে অবশিষ্ট রয়েছে, ফিটনেস লেভেল কেমন, ফর্ম কোন পর্যায়ে— সবই বিচার্য বিষয়। তবে উভয়েই অভিজ্ঞ। ওরা জানে, বড় মঞ্চকে কীভাবে কাজে লাগাতে হয়।’ প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে জানিয়েছেন, ‘কোহলি, রোহিত ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। কেরিয়ারের শেষলগ্নে দাঁড়িয়ে দু’জনে। তাই ওদেরও একটু উপভোগ করার সুযোগ দেওয়া উচিত। আমরা জানি না, ২০২৭ বিশ্বকাপ নিয়ে ওরাই বা কী ভাবছে। সামনে অস্ট্রেলিয়া সিরিজ। তবে আমার মনে হয় না, পরের বিশ্বকাপ নিয়ে এখনই ওরা খুব বেশি মাথা ঘামাচ্ছে। ধীরে ধীরে এগনোই ভালো।’

Advertisement
সম্পর্কিত সংবাদ