রাত পোহালেই মহারণ, তাল ঠুকছে দুই প্রধান, অভিজ্ঞতার নিরিখে এগিয়ে থাকবে মনবীররা: ব্যারেটো
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লং পাস বাড়িয়েছিলেন ধরমজিৎ সিং। হাই-প্রেস করতে তখন ইস্ট বেঙ্গল রক্ষণ প্রায় মাঝমাঠে। গোলকিপার ও ডিফেন্সের মধ্যে নো ম্যানস ল্যান্ডে বল পড়তেই গতি বাড়ান ব্যারেটো। ধেয়ে আসছেন সুরেশ। ততক্ষণে গোলের গন্ধ পাওয়া ব্যারেটো যেন ব্ল্যাক প্যান্থার। বাঁ পায়ের গ্রাউন্ডার সুব্রত পালকে নড়তে না দিয়েই জালে! মোহন বাগান গ্যালারির গর্জন জানিয়ে দিল, গোল করেছেন ব্যারেটো। সেবার একটা নয়, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জোড়া লক্ষ্যভেদ ছিল সাম্বার দেশের তারকার। স্বপ্নের প্রথম গোলের পরেরটা স্পটকিকে। ৬ নভেম্বর, ২০০৭। এক ব্রাজিলিয়ানের কাঁধে ভর করেই ঘরোয়া লিগের বড়ো ম্যাচে স্বপ্নের উড়ানে গঙ্গাপাড়ের ক্লাব। আগামী রবিবার সেই নভেম্বরেই আরও এক ডার্বি। আইএসএলে মর্যাদার যুদ্ধে কি আরও একবার জ্বলে উঠবে মোহন বাগান? প্রশ্ন শুনেই হেসে ফেললেন বহু যুদ্ধের নায়ক। 
ব্যারেটো মোহন বাগানের ঘরের ছেলে। প্রাক্তনীদের প্রদর্শনী ম্যাচেও গায়ে চাপান সবুজ-মেরুন জার্সি। ডার্বিতে তাঁর নামের পাশে ১৭ গোল! মহারণের পাশাপাশি শহরের পালসও বোঝেন তিনি। রবিবারের ডার্বিতে কে ফেভারিট? ব্রাজিলিয়ান ফুটবলার বললেন, ‘মোহন বাগান নিঃসন্দেহে দারুণ শক্তিশালী। ১ শতাংশ সুযোগ এলেও ঝাঁপাতে হবে। পানোসের দলে প্রচুর ম্যাচ উইনার। এরা জার্সির ওজন জানে।’ পাশাপাশি তাঁর মন্তব্য, ‘দেখুন এখনও পর্যন্ত পরিস্থিতি মোহন বাগানের অনুকূলে। হাই-ভোল্টজ ম্যাচে মনবীরদের অভিজ্ঞতাও বেশি। শুরুতে গোল পেয়ে গেলে যুদ্ধজয়ের কাজটা কিছুটা সহজ হবে।’ তাঁর ধারণা, ব্যক্তিগত মুন্সিয়ানার ক্ষেত্রেও এগিয়ে থাকবে তাঁর প্রিয় দল। প্রতিপক্ষের সেরা অস্ত্র কে হতে পারেন? ব্যারেটোর জবাব, ‘ইস্ট বেঙ্গলের কোচের নাম আন্তোনিও হাবাস। চাপের মুখে মাস্টারস্ট্রোক দিতে ওঁর জুড়ি নেই। ফুটবলারদের সেরাটা বার করে নিতে উনি ওস্তাদ। ডাগ-আউটের লড়াই জমবে ভালো।’ হোসে রামিরেজ ব্যারেটোর জবাবেই যেন ডার্বির সমীকরণ লুকিয়ে।

Advertisement

৬ নভেম্বর, ২০০৭  কলকাতা লিগ
মোহন বাগান-২    :    ইস্ট বেঙ্গল-০
 (ব্যারেটো-২)