নিজস্ব, প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে ইন্ডিয়ান ফুটবল লিগে (আই লিগ) আর হয়তো দেখা যাবে না মহমেডান স্পোর্টিংকে। ক্লাবের অ্যাকাউন্ট গড়ের মাঠ। যে সামান্য টাকা পড়ে রয়েছে, তাতে একদিনের অনুশীলনে ফুটবলারদের খাবারও জোগাড় হবে না। তাই শুক্রবার ক্লাবের কার্যসমিতির বৈঠকের পরই লিগ থেকে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাদা-কালো কর্তারা। সেই মত শনিবার ফেডারেশনকে জানিয়ে দেবেন তাঁরা। তবে প্রধান সমস্যা ফুটবলারদের বেতন, যা দীর্ঘদিন ধরেই বকেয়া। ফুটবলাররা বারবার কর্তাদের দ্বারস্থ হলে মিলেছে শুধুই আশ্বাস। কিন্তু এখন তাঁদেরও দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। উল্লেখ্য, ৪ ম্যাচ খেলে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি রেড রোডের পাশের ক্লাব। আর্থিক সমস্যার কথা জানার পর ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ নিখরচে কিশোর ভারতীতে খেলার ব্যবস্থা করে দিয়েছিলেন।



