আলভিটো ডি’কুনহা: দিন সাতেক গোয়ায় কাটিয়ে সবে কলকাতায় ফিরেছি। আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের ডার্বি রয়েছে। কিন্তু, কোচ সুভাষ ভৌমিক কিছুতেই আমাকে খেলাবেন না। তিনি হয়তো ভেবেছিলেন, প্র্যাকটিসের মধ্যে না থাকায় আমার ফিটনেসে ঘাটতি রয়েছে। কিন্তু একাধিক প্রাক্তন ফুটবলার আমায় খেলানোর পক্ষে। ম্যাচের আগের দিন তাঁরাই কোচের ঘরে ডাকলেন। আমায় দেখে ভৌমিকদা তো রেগে লাল! চিৎকার শুরু, ‘ওকে ঘর থেকে বের করে দাও।’ আমিও পালটা কিছু বলি। একবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। কিন্তু রাতে সেই কোচই আমায় ফোন করে বললেন, ‘কাল তুমি খেলছ।’ সুভাষ ভৌমিক এমনই। বাকিটা তো সবারই জানা। মর্যাদার ডার্বিতে ৪-১ গোলে মোহন বাগানকে বিধ্বস্ত করেছিল ইস্ট বেঙ্গল। জোড়া গোল ও একটি অ্যাসিস্টে নায়ক এই অধম। ম্যাচের পর সেই কোচই বলেছিলেন, ‘তোকে না খেলালে ভুল করতাম’। ২০০৫ সালের ২৭ নভেম্বরের ওই ডার্বি কখনও ভোলার নয়। লাল-হলুদ জার্সিতে এমন প্রচুর মণিমুক্তো। কী করে ভুলি ২০১০! কটকে ফেড কাপের আসর। নেতাজির বাড়িতে গোটা দলকে নিয়ে গিয়েছিলেন ম্যানেজার স্বপন বল। হরমনজ্যোৎ খাবরার পিতামহ আজাদ হিন্দ ফৌজের সেনানি ছিলেন। গল্প শুনতাম, এই নভেম্বরেই আমরণ অনশনের সংকল্প করেছিলেন সুভাষচন্দ্র বসু।
রবিবার ফের নভেম্বর ডার্বি। চলতি আইএসএলে প্রথমবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। অবশ্যই চাইব, লাল-হলুদ মশাল জ্বলুক যুবভারতীতে। ২০০৫ সালের শিল্ডের ডার্বিতে আমার ভূমিকা পালন করুক রামিরেজ-ডেভিডরা। অনেকে অবশ্য বলছেন, টানা ৫টি ম্যাচ জিতে মোহন বাগানই ফেভারিট। আনোয়ার ছাড়া ইস্ট বেঙ্গলের রক্ষণ ভেঙে পড়বে! আরও কতকিছু। তাদের বলতে চাই, ডার্বিতে কেউ এগিয়ে থাকে না। আর ইস্ট বেঙ্গল কিন্তু আনোয়ারকে ছাড়াই সম্প্রতি এসিএল-টু’তে জিতেছে। একটু ভুল হল। শুধু জেতেনি, ইতিহাস গড়েছে! আনোয়ার অবশ্যই ভালো ফুটবলার। পাশাপাশি এটাও ঠিক, আনোয়ারের অনুপস্থিতিতে ১০ জনে খেলবে না হাবাস-ব্রিগেড। লড়াইটা এগারো বনাম এগারোরই। এসিএল-টু’তে কঠিন প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাসটা ডার্বিতে কাজে লাগাতে হবে। বুকে মশাল জ্বালিয়ে লড়ুক ডেভিডরা।
২৭ নভেম্বর, ২০০৫ আইএফএ শিল্ড
ইস্ট বেঙ্গল-৪ : মোহন বাগান-১
(চন্দন, ওকোরো, আলভিটো-২) (আকিম)



