নিজস্ব প্রতিনিধি, মালদহ: গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা! চাকরির টোপ দিয়ে ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ার কাহালা পঞ্চায়েত এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, পুখুরিয়া থানার শ্রীপুর এলাকার যুবক নাসিমুল খান গ্রুপ ডি পদের নিয়োগপত্র নিয়ে রতুয়ার কাহালা সুজাপুর উচ্চ বিদ্যালয়ে চাকরিতে যোগ দিতে আসেন। তাঁর সঙ্গে ছিলেন সুকল্যাণ সূত্রধর নামে এক ব্যক্তি। নিয়োগপত্র দেখে এবং তাঁদের কথাবার্তায় সন্দেহ হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত ঘোষের। তিনি নাসিমুলকে নানা প্রশ্ন করলে তাঁর উত্তরে অসঙ্গতি ধরা পড়ে।এরপর জিজ্ঞাসাবাদে নাসিমুল স্বীকার করে নেন, দুই লক্ষ টাকার বিনিময়ে তাঁকে ওই নিয়োগপত্র দেওয়া হয়েছে। চাকরিতে যোগদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর টাকা নেওয়ার কথা ছিল। সেকারণে নিয়োগপত্র নিয়ে তাঁকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার পর অভিযুক্তরা বাইরে একটি গাড়িতে বসে টাকার জন্য অপেক্ষা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে প্রধান শিক্ষক রতুয়া থানায় খবর দেন। পুলিশ দ্রুত বিদ্যালয়ে পৌঁছে গাড়িতে অপেক্ষারত ব্যক্তি সহ মোট চারজনকে গ্রেফতার করে। ধৃতরা হলেন সুকল্যাণ সূত্রধর, বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকায়, শংকর সাউ, বাড়ি হুগলি জেলার ভদ্রেশ্বর থানা এলাকায়, রবিপ্রকাশ সিং, বাড়ি হুগলি জেলার শ্রীরামপুর থানা এলাকায়, এবং কালীপদ ঘোষ, বাড়ি মালদহের পুখুরিয়া থানার কোকলামারি গ্রামে। শনিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।



