অর্ধেক তৈরি জলের ট্যাঙ্ক, পানীয় জলের সংকটে বামনগ্রামের বাসিন্দারা
  • ২৮ নভেম্বর, ২০২৬ ১৫:৩১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: আর্সেনিক প্রবণ এলাকা। অথচ কালিয়াচকের বামনগ্রামে পরিশ্রত পানীয় জল প্রকল্প অধরা। ওভারহেডেড রিজারভার তৈরির কাজ অর্ধেক হয়ে পড়ে আছে। সকাল হলেই পানীয় জলের জন্য হাহাকার শুরু হয়ে যায়। বাসিন্দাদের দাবি, টিউবওয়েলের জল পানের অযোগ্য। একপ্রকার অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন কালিয়াচক ১ নম্বর ব্লকের বামনগ্রাম মোসিমপুর অঞ্চলের বামনগ্রামের বাসিন্দারা। 

Advertisement

প্রায় দু বছর আগে এলাকায় আর্সেনিকমুক্ত  পানীয় জল সরবরাহের জন্য একটি বড় জলের ট্যাঙ্ক তৈরির কাজ শুরু হয়েছিল। ট্যাঙ্ক তৈরির কাজ শুরু হওয়ায় বামনগ্রাম ও মোসিমপুর অঞ্চলের মানুষ আশার আলো দেখেছিলেন। ভেবেছিলেন, এবার হয়তো তাঁদের দীর্ঘদিনের জলকষ্ট দূর হবে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, কাজ কিছুটা এগোনোর পর অজ্ঞাত কারণে তা থমকে যায়। অর্ধেক কাজ হয়ে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। প্রশাসনের কোনো হেলদোল নেই। কেন মাঝপথে প্রকল্পের কাজ থমকে গেল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।