নদী থেকে অবৈধ বালি পাচার, অভিযোগ তুলে সরব কংগ্রেস
  • ২৮ নভেম্বর, ২০২৬ ১৪:২৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যজুড়ে চলত অবৈধ বালি উত্তোলন ও বালি সিন্ডিকেটের দৌরাত্ম্য। সেটি ঘিরেই তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। রাজ্যের একাধিক নদী থেকে রাতের অন্ধকারে বালি লুটের অভিযোগে তৎকালীন শাসক দলের বিরুদ্ধে বারবার সরব হয়েছিল বিরোধীরা। রাজ্যে পালাবদল হলে সেই চিত্র পাল্টানোর প্রতিশ্রুতি দিয়েছিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তন হলেও পাল্টায়নি কিছুই। বালি পাচারের সেই পুরনো ছবি বদলায়নি কিছুই। এবার মালদহের বামনগোলার হাঁড়িয়া নদী থেকে দেদার বালি উত্তোলন ও পাচারের অভিযোগ তুলে সরব হল কংগ্রেস নেতৃত্ব।

Advertisement

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বিগত সরকারের আমলে যেভাবে প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ বালি উত্তোলন ও পাচার চলত। এখনও ঠিক একই ভাবে কখনও রাতের অন্ধকারে, আবার প্রকাশ্যে দিনের আলোয় বালি পাচার হয়েছে। এই এলাকায় বেআইনি কারবার চললেও প্রশাসন নির্বিকার। কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে। কিন্তু পাচারকারীদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। সরকার পরিবর্তন হলেও কীভাবে এখনও লুটপাট চলছে তা নিয়ে প্রশ্ন তুলছেন কংগ্রেস নেতৃত্ব। সীমান্তবর্তী এলাকায় নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন প্রদেশ কংগ্রেসের সদস্য জয়ন্ত সরকার। বিজেপির উত্তর মালদহের সাধারণ সম্পাদিকা বীণা সরকার কীর্তনিয়ার বক্তব্য, বর্তমান সরকার বালি পাচার চলতে দেবে না। বিষয়টি প্রশাসনকে জানানো হবে। প্রশাসন ব্যবস্থা নেবে। এই অভিযোগের পর পাচার কারবার বন্ধ হয় কি না এখন সেটাই দেখার।