কোচবিহারে হস্টেলে হামলা বহিরাগতদের
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার পলিটেকনিক কলেজের হস্টেলে বহিরাগতদের হামলার অভিযোগ। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। ব্যাপক ভাঙচুর চালানো হল হস্টেলে। অভিযোগ, হস্টেলের আবাসিক পড়ুয়াদের বই, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। আহত বেশ কয়েকজন পড়ুয়া। এই ঘটনার পর তৃতীয় বর্ষের এক ছাত্রের খোঁজ পাওয়া যাচ্ছে না, অভিযোগ আবাসিক পড়ুয়াদের। অভিযোগের তির এবিভিপির দিকে। শুক্রবার রাতে যখন সারা শহর রাসমেলার আনন্দে মাতোয়ারা, ঠিক সেই সময় কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হল কোচবিহার পলিটেকনিক কলেজ। এদিন দুপুরেই ঘটনার সূত্রপাত হয়। কলেজ ক্যাম্পাসে পিকনিক এবং  মদ্যপানের অভিযোগ তোলা হয় হস্টেল আবাসিকদের তরফে। রাতে দলবল নিয়ে পালটা হামলা চালানো হয় বলে অভিযোগ। আবাসিকরাও পালটা হামলা চালিয়েছে বলে অভিযোগ। হস্টেলের আবাসিক জিৎ বর্মনের দাবি, হঠাৎ করে বাইরে থেকে কয়েকজন ছেলে আসে। ওরা কলেজেও পড়ে এবং এবিভিপি করে। কিছু কিছু বাইরেরও আছে। ওরা হঠাৎ করে আমাদের হস্টেলে হামলা চালায়। তাঁর আরও অভিযোগ, দুপুরে ওরা গেটে মদ্যপান করছিল। প্রতিবাদ করলে আমাদের ওপর চড়াও হয়। বিষয়টি অধ্যক্ষকে জানাই। রাতে ওরা হস্টেলে হামলা চালিয়ে সব ভেঙেচুরে দেয়। আমাদের একজন তৃতীয় বর্ষের দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা আমাদের ফোন, ল্যাপটপ ভেঙে দিয়েছে। বইখাতা ছিঁড়ে ফেলেছে। এবিভিপি'র উত্তরবঙ্গ প্রদেশ সহ সম্পাদক শুভদীপ শীল বলেন, ক্যাম্পাসের ভিতর কিছু পুরানো তৃণমূল, নতুন এসএফআই মিলে অসামাজিক কাজকর্ম করছিল। বিরোধিতা করতে গেলে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের উপর তারা চড়াও হয়।

Advertisement