নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ও রোগীর পরিবারের জন্য সুখবর। রাজ্য সরকারের উদ্যোগে সস্তায় মিলবে অতি ব্যয়বহুল ওষুধ। শুক্রবার অণ্ডাল বিমানবন্দরের অদূরে বেসরকারি
হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে এসে ঘোষণা খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, ক্যান্সার সহ অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের ওষুধ দিতে ১০০টি অমৃত সেন্টার তৈরি করা হচ্ছে। এই সেন্টারগুলিতে ৫০ থেকে ৬০ শতাংশ সরকারি ভরতুকিতে ওষুধ কেনা যাবে। রাজ্যের সব জেলা ও মহকুমা হাসপাতাল থেকে এই সুবিধা
পাওয়া যাবে। এছাড়াও রাজ্যের সব স্টেট জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে এই সুবিধা মিলবে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা। তাঁদের দাবি, ক্যান্সার রোগে আক্রান্ত হলে ওষুধ কিনতে গিয়ে পরিবার কার্যত নিঃস্ব হয়ে যায়, এই উদ্যোগে তাঁদের অনেকটাই সুরাহা মিলবে।
মুখ্যমন্ত্রী বলেন, মার্চ মাসের মধ্যেই রাজ্যে ৪৬৭টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলা হবে। প্রেসার-সুগার সহ বেশ কিছু রোগ রয়েছে, যার জন্য নিত্যদিন ওষুধ খেতে হয়।। ওষুধ কেনার জন্য যেসব পরিবারের মাসে খরচ দু’হাজার টাকা, জন ঔষধি কেন্দ্র থেকে তা কিনলে মাত্র ২০০ টাকাতেই হয়ে যাবে। টেন্ডার করে দিয়েছি, দ্রুত কাজ শেষ হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সাড়ে আট কোটি মানুষ সরকারি স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। সাড়ে ছ’কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। বাকি দু’কোটি মানুষ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন। স্বাস্থ্য সাথী প্রকল্পে মাত্র ১৭০০ হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাওয়া যেত। এখন রাজ্য তথা গোটা দেশ মিলিয়ে ৩৮ হাজার হাসপাতালে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ। এটাই আসল পরিবর্তন। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম বর্ধমানের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা অখুশি। ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজ করার জন্য এনওসি দিয়েছিলাম। তারা জানিয়েছে, ইএসআই কার্ড ছাড়া অন্যান্য রোগীদের পরিষেবা দিতে পারবে না। তাই সিদ্ধান্ত নিয়েছি,আসানসোল-দুর্গাপুরের মাঝে জমি চিহ্নিত করে সেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে। রাজ্য সরকার এর জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করছে। শুভেন্দু বলেন, মুখ্যসচিব ইসিএলকে প্রস্তাব দিয়েছেন, আসানসোলের কাল্লায় থাকা তাদের হাসপাতালটি রাজ্য সরকারকে হস্তান্তর করতে। তা হলে, মার্চ মাসের মধ্যেই সেখানে আধুনিক হাসপাতাল তৈরি করে দিতে পারব।- নিজস্ব চিত্র



