নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে সরকার। বহরমপুরে একটি সরকারি অনুষ্ঠানে এসে পুলিশের এনকাউন্টার প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। শুক্রবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, কেউ আইনকে নিজের হাতে তুলে নিলে বা গুরুতর অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এ ক্ষেত্রে কাউকেই রেয়াত করা হবে না।
এদিন মন্ত্রী বলেন, পুলিশ ইচ্ছাকৃতভাবে বা শখ করে কাউকে এনকাউন্টার করে না। তাঁর মতে, অপরাধী যখন এক মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়, যেখানে ক্ষমার কোনো জায়গা থাকে না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই পুলিশ নিরুপায় হয়ে এনকাউন্টারের পথ বেছে নেয়। অনেক ক্ষেত্রেই দেখা যায়, অভিযুক্তরা পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে অথবা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকেই গুলি চালায়, সেই পরিস্থিতিতে আত্মরক্ষার স্বার্থেই পুলিশ পাল্টা পদক্ষেপ করে।
এদিন তিনি শিশুদের উপর যৌন নিগ্রহ নিয়েও সরব হন। মন্ত্রী বলেন, সমানে শিশুদের যৌন নিগ্রহের মতো অমানবিক ঘটনা ঘটছে। এ ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তি হওয়া জরুরি। তিনি বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যদি আমাদের নিজের পরিবারের সদস্য, পরিচিত কেউ বা প্রতিবেশী হয়, সে যদি আইন লঙ্ঘন করে এবং অমানবিক কাজ করে, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সরকার ও প্রশাসনের ভূমিকার কথা তুলে ধরে গৌরীবাবু জানান, দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে প্রশাসন যথেষ্ট সচেতন এবং দ্রুত পদক্ষেপ করছে। নতুন সরকারের কাজ শুরু হওয়ার পর থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আগামী দিনে এ ধরনের অপরাধের ঘটনা কমে আসবে। তাঁর মতে, এনকাউন্টারের মতো কড়া পদক্ষেপে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। আমাদের সরকারের এক বছর পূর্ণ হলে এ ধরনের ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে বা বন্ধ হয়ে যাবে। বহরমপুরে তোলা নিজস্ব চিত্র



