নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বক্সায় আসবে আরও বাঘ ও বাঘিনি। এজন্য বাড়ানো হচ্ছে শিকারক্ষেত্র। শুক্রবার মিনি সচিবালয় উত্তরকন্যায় একথা বলেন বনমন্ত্রী মনোজ ওরাওঁ। পাশাপাশি, তিনি হাতি ও মানুষের সংঘাত এড়াতে বিপর্যয় ব্যবস্থাপনার মতো নেটওয়ার্ক তৈরি, ড্রোন ও এআই ক্যামেরায় নজরদারি চালানোর কথা জানিয়েছেন। এব্যাপারে বক্সা ও জলদাপাড়ায় পাইলট প্রজেক্ট হিসাবে কাজ চলছে।
কয়েকদিন আগে বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টে বাঘিনি ছাড়া হয়। সেটি বিহার থেকে এখানে আনা হয়। যার নামকরণ করা হয়েছে ডুয়ার্স রানি। সেই রানি এখন বক্সার কোর জঙ্গলে ঘোরাঘুরি করছে। এদিন বনমন্ত্রী বলেন, রানির গতিবিধির উপর নজর রাখা হয়েছে। এব্যাপারে অসম ও প্রতিবেশ রাষ্ট্র ভুটানের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তবে, আগামী তিন-চার মাসের মধ্যে বিহার থেকে আনা হচ্ছে আরও একটি বাঘ ও বাঘিনি। এজন্য বক্সায় ফেন্সিং দিয়ে শিকারস্থল তৈরি করা হচ্ছে। সেখানে ছাড়া হবে আরও তিন প্রজাতির হরিণ এবং বনছাগল। হাতি-মানুষের সংঘাত রুখতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বক্সা ও জলদাপাড়ায় পাইলট প্রজেক্ট চলছে বলে জানিয়েছেন মন্ত্রী।



