নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাসমেলায় ঘুরতে এসে হারিয়ে গিয়েছে সন্তান! এবার হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে দেবে পুলিশের বিশেষ ‘রিস্টব্যান্ড’। মেলায় আসা প্রত্যেক শিশুর হাতে বাবা-মায়ের নাম, ঠিকানা, ফোন নম্বর লিখে শিশুর হাতে সেই ব্যান্ড পরিয়ে দিচ্ছেন পুলিশ কর্মীরা। কোচবিহারের পুলিশ সুপার মণীশ যোশি বলেন, মেলায় হারিয়ে যাওয়া বাচ্চাদের উদ্ধার করতে বিশেষ রিস্টব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকরা মেলার পুলিশ সহায়তা কেন্দ্র থেকে ব্যান্ড সংগ্রহ করতে পারবেন। এই ব্যান্ডে অবিভাবকরা তাঁদের নাম, ঠিকানা লিখে বাচ্চার হাতে পরিয়ে দেবেন।
খাগড়াবাড়ির বাসিন্দা সোমা দেব ধর শুক্রবার সন্তানকে নিয়ে রাসমেলা ঘুরতে আসেন। শহরের তেরঙ্গি মোড়ের দিক থেকে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির উলটো দিক দিয়ে মেলায় ঢুকলেও বাঁ দিকে চোখে পড়বে পুলিশ কন্ট্রোল রুম। কর্তব্যরত পুলিশ কর্মীরাই সোমাদেবীকে রিস্টব্যান্ড সম্পর্কে বোঝান। তিনি বিষয়টিকে স্বাগত জানিয়ে মেলার পুলিশ কন্ট্রোল রুমে আসেন। কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রিস্টব্যান্ডে বাচ্চার নাম ও অভিভাবকদের নাম, ঠিকানা, ফোন নম্বর লিখে তা পরিয়ে দেন।
কোচবিহার জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সোমাদেবী বলেন, ‘এটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এরজন্য পুলশ প্রশাসনকে ধন্যবাদ জানাতেই হয়।’ পুলিশের এক কর্তা জানান, প্রতিবছর কোচবিহার রাসমেলা ঘুরতে এসে অসাবধানতাবসত বহু শিশুই হারিয়ে যায়। মেলায় থাকা পুলিশ কন্ট্রোল রুম থেকে প্রতিদিন গড়ে অন্তত ১০টি হারিয়ে যাওয়ার ঘোষণা করা হয়। শিশুদের পাশাপাশি বহু প্রবীণ মানুষ প্রচণ্ড ভিড়ের মধ্যে পরিবার থেকে আলাদা হয়ে যান। পুলিশ কন্ট্রোল রুমের ঘোষণার মাধ্যমেই প্রত্যেককে সুষ্ঠুভাবে উদ্ধার করা হয় এবং নির্দিষ্ট নিয়ম মেনে পরিবারের সদস্যদের হাতে তাদের তুলে দেওয়া হয়। নিজস্ব চিত্র



