নিজস্ব প্রতিনিধি, মালদহ: পুলিশের চোখকে ফাঁকি দিতে অভিনব ফন্দি আঁটলো পাচারকারীরা। পিকআপ ভ্যানের সামনে থরে থরে সাজানো অ্যাডাল্ট ডাইপারের প্যাকেট। কিন্তু তারই আড়ালে পাচার হচ্ছিল বেআইনি কাফ সিরাপ। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখানেই দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক এলাকায়।
জানা গিয়েছে, পাচারকারীদের নাম সোমদেব মণ্ডল(৩১) এবং বিষ্ণু মণ্ডল(৩৯)। দু’জনেই ইংলিশবাজার এলাকার বাসিন্দা। তারা রাঁচি থেকে প্রায় পনেরো হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ নিয়ে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন কালিয়াচক এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানেই সন্দেহজনক গাড়িটিকে আটক করে পুলিশ। গাড়ির ভিতরে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। অ্যাডাল্ট ডায়পারের আড়ালে পাচার হচ্ছিল নিষিদ্ধ কাফ সিরাপ। তৎক্ষণাৎই দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জাড়িত আছে কী না সেই বিষয়ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



