সংবাদদাতা, রামপুরহাট: মেয়ে ভালো রেজাল্ট করেছিল পরীক্ষায়, তাই বাড়ির ছাদে থাকা মন্দিরেই পুজো দিতে গিয়েছিলেন বছর ৪৭-এর রুমা ঘোষ মন্ডল। আর বাড়ির ছাদে পুজো দিতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল মেয়ের। বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়েছেন রুমা ঘোষের মা-ও। তিনি বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে রামপুরহাট হাসপাতাল পাড়ায়। দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া।
স্থানীয় সূত্রে খবর, মৃতার মেয়ে ডাক্তারী পড়ুয়া। পরীক্ষায় ভালো রেজাল্ট করায় রুমা পুজো দিতে গিয়েছিলেন বাড়ির ছাদে হরি মন্দিরে বা হরি তলায়। সেখানেই পড়ে ছিল একটি স্টিক বা লাঠি জাতীয় কিছু। তাতেই কোনোভাবে পা লাগে তাঁর। তখনই কোনোভাবে সেই স্টিকটি ছাদের পাশের হাইভোল্টেজ তারের সংস্পর্ষে চলে আসে। আর তাতেই মৃত্যু হয় রুমার। মেয়েকে সেই অবস্থায় দেখে ছুটে আসেন বৃদ্ধা মা। সেই সময় বিদ্যুৎপৃষ্ঠ হন তিনিও। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে গুরুতর অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনিও।
সূত্রের খবর, দুর্ঘটনায় নিহত রুমা ঘোষের স্বামীও বর্তমানে শারীরিক সমস্যার কারণে কলকাতার সোনারপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর আজ, শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।



