দোকান দখল করে অন্যের কাছে বিক্রির অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে, তুমুল বিক্ষোভ ময়নাগুড়িতে
  • ২৮ নভেম্বর, ২০২৬ ১৬:২০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: বাবার মৃত্যুর পর শোক সামলে ওঠার আগেই বেহাত হয়ে গেল পৈতৃক দোকানঘর। শুধু দখলই নয় রীতিমতো চড়া দামে সেই দোকান অন্য একজনের কাছে বিক্রিও করে দেওয়া হয়েছে। আর এই অভিযোগের তির খোদ ময়নাগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমিতাভ চক্রবর্তীর দিকে। আজ, শনিবার ময়নাগুড়ি নতুন বাজারে অমিতাভ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন। এই বিষয়ে সংশ্লিষ্ট ঘরের মালিক নতুন বাজার ওয়েলফেয়ার ব্যবসায়ী সমিতির কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। ইতিমধ্যেই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অভিযোগ ওঠা সেই দোকান ঘরে তালা মেরে দেওয়া হয়েছে ।

Advertisement

ব্যবসায়ী রানা ঠাকুর বলেন, ময়নাগুড়ি নতুন বাজারে তার বাবা জীবিত থাকাকালীন দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট জায়গায় দোকান চালাতেন। পরবর্তীতে নতুন বাজারে যাত্রী প্রতীক্ষালয় তৈরির সময় প্রশাসনিক নির্দেশে সেখানকার বেশ কয়েকজন ব্যবসায়ী তাঁদের দোকানঘর কিছুটা পিছিয়ে নেন। সেই মতো রানা ঠাকুরের পরিবারও তাঁদের দোকান পিছিয়ে নিয়ে জায়গাটি ঘিরে রেখেছিলেন। অভিযোগ, ঠিক সেই সময়েই তাঁর বাবার মৃত্যু হয়। পরিবারের সেই শোক ও অনুপস্থিতির সুযোগ নিয়েই জায়গাটি বেআইনিভাবে জায়গাটি দখল করে নেওয়া হয়। পরবর্তীতে তাঁরা জানতে পারেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমিতাভ চক্রবর্তী ওই দোকানটি অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী সমিতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রানা। এর পাশাপাশি কাউন্সিলারকে সামনে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন কাউন্সিলার অমিতাভ চক্রবর্তী।