Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নায়ক নেহি খলনায়ক

খানিকটা হাঁটলেন। তারপর পায়ের ভঙ্গির সঙ্গে কাঁধের ঝাঁকুনি। আরবি গানের তালে ‘এফএ৯এলএ’ নাচ। সংবাদমাধ্যম থেকে সমাজমাধ্যম— সর্বত্র একটাই নাম অক্ষয় খান্না ও তাঁর নাচ।

নায়ক নেহি খলনায়ক
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নায়ক নয় দর্শককে আকৃষ্ট করছে খলচরিত্ররা। ফিরে দেখা যাক তাদের।

Advertisement

খানিকটা হাঁটলেন। তারপর পায়ের ভঙ্গির সঙ্গে কাঁধের ঝাঁকুনি। আরবি গানের তালে ‘এফএ৯এলএ’ নাচ। সংবাদমাধ্যম থেকে সমাজমাধ্যম— সর্বত্র একটাই নাম অক্ষয় খান্না ও তাঁর নাচ। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ ছবিতে রেহমান ডাকাইত চরিত্রে তাক লাগিয়েছেন তিনি। ছবির নায়ক রণবীর সিংকে নিয়ে যে চর্চা হচ্ছে, সেটাকেও ছাপিয়ে গিয়েছেন অক্ষয়। অভিনয়, সংলাপ, বডি ল্যাঙ্গুয়েজ... যাবতীয় লাইমলাইট নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন শিল্পী। আর এর সঙ্গে চুম্বকে বুঝিয়ে দিলেন এ বছরের সিনে ট্রেন্ড। খলচরিত্রই যে বর্তমানে আকর্ষণের কেন্দ্রবিন্দু— ২০২৫ সাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেটি। মুখ্য চরিত্ররা নয়, বরং অ্যান্টিহিরোরাই জায়গা পাচ্ছে দর্শক হৃদয়ে। 
কেবল ‘ধুরন্ধর’ ছবির রেহমানই নয়। অক্ষয় খান্না খলচরিত্রে বাজিমাত করেছেন ‘ছাভা’ ছবিতেও। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় তিনি চমকপ্রদ। এই দুই ছবির হাত ধরেই কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন অক্ষয়। ‘ধুরন্ধর’-এর আরও এক অ্যান্টিহিরো অর্জুন রামপালকে নিয়েও চর্চার অন্ত নেই। ধূসর চরিত্রে বাউন্ডারি পার করছেন আরও একজন। তিনি ববি দেওল। আরিয়ান খানের ডেবিউ সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ সবথেকে বেশি চর্চা হয়েছে তাঁকে নিয়েই। যদিও অ্যান্টি হিরো হিসেবে ববি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ‘অ্যানিমাল’ সিনেমায়। অক্ষয়ের নাচের মতোই ২০২৩ সালের শেষে ভাইরাল হয়েছিল ববির নাচ। ‘জামাল কুদু’। সুরাপাত্র মাথায় নিয়ে ববির নাচ নিয়ে এখনও কথা হয়। সেই ববিই ‘ব্যাডস...’ সিরিজে নায়ক লক্ষ্য, রাঘব জুয়েলদের ছাপিয়ে গেলেন জনপ্রিয়তায়। 
‘ফ্যামিলি ম্যান’ সিরিজের কথা না বললেই নয়। দীর্ঘ অপেক্ষার পর এ বছর মুক্তি পেয়েছে তৃতীয় সিজন। মনোজ বাজপেয়ির সঙ্গে দ্বৈরথে জয়দীপ আহলওয়াত। যে জয়দীপ বছরের শুরুতেই ‘পাতাললোক’ সিরিজের নায়ক, তিনিই নভেম্বরে ‘ফ্যামিলি ম্যান’-এ খলনায়ক। অ্যান্টিহিরোর চরিত্রে তাঁর পারফরম্যান্স দর্শক মুখে ফিরেছে। খলচরিত্রে তাঁকে দেখা গিয়েছে ‘জুয়েল থিফ’ ছবিতেও। সেই চরিত্রেও তাক লাগিয়েছেন জয়দীপ। ‘পঞ্চায়েত সিজন ৪’-এর কথা মনে করুন। দুর্গেশ কুমার অভিনীত ‘ভূষণ শর্মা’ চরিত্রটি নির্বাচনে জিতছে, তা দেখার পর দর্শক কিন্তু সিরিজের প্রতি আগ্রহ হারাননি, বরং আগ্রহ আরও বেড়েছে। ‘রেইড ২’ ছবিতে খলনায়ক হিসেবে রীতেশ দেশমুখও প্রশংসিত হয়েছেন। ‘থামা’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত খলচরিত্রটিও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ