সান জুয়ান, ২৫ নভেম্বর: ঘরের মঞ্চেই ফের বাজিমাত। ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট নিজের নামে করলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো। এই নিয়ে ষষ্ঠবার ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জিতল পুয়ের্তো রিকো। রাজধানী সান জুয়ানে বিদায়ী মিস ইউনিভার্স, মেক্সিকোর ফাতিমা বশ ২৭ বছর বয়সী জেনিফারের মাথায় মুকুট পরিয়ে দেন। প্রথম রানার-আপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানার-আপের শিরোপা জিতেছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস।
মিস ইউনিভার্সের ইতিহাসে ষষ্ঠবারের মতো খেতাব ঘরে তুলল পুয়ের্তো রিকো। পাশাপাশি, নিজেদের ঘরের মাঠে এই নিয়ে দ্বিতীয়বার সেরার মুকুট পেল দেশটি।
চূড়ান্ত পর্বে ছিল টানটান উত্তেজনা। শীর্ষ পাঁচ প্রতিযোগীকে একই প্রশ্ন করা হয়েছিল— ‘এই মুহূর্তে বিশ্বের নেতাদের কাছ থেকে পৃথিবীর সবচেয়ে বেশি কী প্রয়োজন?’ সব উত্তরকে ছাপিয়ে বিচারক ও দর্শকদের মন কাড়েন জেনিফার। তাঁর কথায়, ‘আমার বিশ্বাস, বিশ্বের এমন নেতা প্রয়োজন যাঁরা পেশাগতভাবে সহানুভূতিশীল। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে প্রায়ই অন্যকে বিচার করি ও প্রশ্ন তুলি, কিন্তু একজন নেতার উচিত নিজের মূল্যবোধের পাশে দাঁড়ানো, দৃষ্টান্ত স্থাপন করা এবং মানদণ্ডকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া।’
গত বছর ব্রহ্মাণ্ড সুন্দরীর মুকুট উঠেছিল মেক্সিকোর ফাতিমা বশের মাথায়। প্রথা মেনে এদিন তিনিই নিজের শিরোপা তুলে দেন জেনিফারের মাথায়। তবে জেনিফার বিবাহিত হওয়ায় কীভাবে তিনি এই শিরোপা জিতলেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনেই।
উল্লেখ্য, বিবাহিত নারীরাও বর্তমানে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। আয়োজক সংস্থার বক্তব্য, সাফল্যের পথে ব্যক্তিগত জীবন বাধা হয়ে দাঁড়াতে পারে না। নিয়মে বলা হয়েছে, বিবাহিত নারীদের পাশাপাশি, বর্তমানে মায়েরাও হতে পারেন ব্রহ্মাণ্ড সুন্দরী। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে আগে ১৮ থেকে ২৮ বছরের যে ঊর্ধ্বসীমা ছিল, তা ২০২৪ সালে তুলে নেওয়া হয়। কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, প্রতিযোগীর বয়স কেবল ন্যূনতম ১৮ বছর হতে হবে।
উল্লেখযোগ্যভাবে, ভারত এ যাবৎ তিন জন মিস ইউনিভার্স পেয়েছে। ১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে সুস্মিতা সেন প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব জেতেন। এরপর ২০০০ সালে লারা দত্ত এবং ২০২১ সালে হরনাজ কৌর সান্ধু দেশের হয়ে ব্রহ্মাণ্ড সুন্দরীর ক্রাউন নিজের নামে করেন।



