নয়াদিল্লি, ২৫ নভেম্বর: মরশুমের শীতলতম সকালে ঘুম ভাঙল দিল্লির। বুধবার সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০ ডিগ্রি সেলসিয়াসে। সফদরজং আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকালের রেকর্ড ভেঙে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি নিচে নেমেছে, যা গতকালের তুলনায় প্রায় ১.২ ডিগ্রি কম।
তবে রাজধানীর বাতাসে ‘বিষ’ রয়ে গিয়েছেই। দিল্লির বাতাসের গুণমান এখনও ‘খারাপ’ পর্যায়েই রয়েছে। চারটি পর্যবেক্ষণ কেন্দ্রে বাতাসের মান ‘খুব খারাপ’। একটি তথ্য অনুযায়ী, এদিন শহরের একিউআই ২২৪-এ দাঁড়িয়েছে, যা যথেষ্ট উদ্বেগের।
কীভাবে বোঝা যাবে, কোথাকার পরিস্থিতি কতটা ভয়াবহ? একিউআই পরিমাপ পদ্ধতি অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে বাতাসের গুণমান সূচক (একিউআই) থাকলে তা ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’ বা ‘মোডারেট’, ২০১ থেকে ৩০০ ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০-এর মধ্যে সূচক থাকলে তা ‘ভয়াবহ’ বা ‘সংকটজনক’ বলে ধরা হয়।
এদিন দিল্লির অন্যান্য প্রান্তেও তাপমাত্রা ছিল তুলনামূলকভাবে কম। বুধবার সকালে লোদি রোডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। এরপরই রয়েছে আয়ানগর, সেখানকার তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি। এছাড়া পালামে ১১ ডিগ্রি এবং রিজ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, কুয়াশার দাপট থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলেও জানানো হয়েছে।



