নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডিসেম্বর মাসের শেষেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজনে শামিল হচ্ছে পদ্মশিবির। সেখানে উপস্থিত থাকতে পারেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। কিন্তু তার আগে আগামী মাসের একেবারে গোড়াতেই হরিয়ানার কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা মহোৎসবে বিশেষ অংশগ্রহণ করতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। জানা যাচ্ছে যে, এই প্রথমবার আন্তর্জাতিক গীতা মহোৎসবে সহযোগী রাজ্য (পার্টনার স্টেট) হিসাবে শামিল হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গের পাশাপাশিই সেখানে সহযোগী হিসাবে থাকছে দিল্লিও। ৫ ডিসেম্বর থেকে প্রায় একমাস ব্যাপী এই আন্তর্জাতিক গীতা মহোৎসবের আয়োজন হতে চলেছে কুরুক্ষেত্রের ব্রহ্মসরোবরে। সরকারি সূত্রের খবর, এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও তিনি কবে এই মহোৎসবে যোগ দেবেন, সেই ব্যাপারে নিশ্চিতভাবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। কুরুক্ষেত্রের আন্তর্জাতিক গীতা মহোৎসবে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। হরিয়ানার কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা মহোৎসবের এটি ১১ তম বছর। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনা ছিল যে, কুরুক্ষেত্রকে গীতা স্থল হিসাবে পরিচিত করে তোলা হবে। সেইমতোই ২০১৬ সাল থেকে কুরুক্ষেত্রের ব্রহ্মসরোবরে এই আন্তর্জাতিক গীতা মহোৎসবের আয়োজন করা হচ্ছে। সম্প্রতি এসংক্রান্ত বিষয়ে একটি সাংবাদিক বৈঠকও করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েবসিং সাইনি। তিনি জানিয়েছেন যে, আগামী ১৪ ডিসেম্বর মরিশাসের রাষ্ট্রপতি ব্রহ্মসরোবরে গীতা যজ্ঞ এবং বিশেষ পুজোয় অংশ নেবেন। মূলত সেই দিন থেকেই আন্তর্জাতিক গীতা মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। তবে ৫ ডিসেম্বর থেকে এই উপলক্ষ্যেই বিভিন্ন মেলার আয়োজন করা হবে। এবারের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ প্যাভিলিয়ন থাকবে। রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি সহ একাধিক ঐতিহ্যের নিদর্শন রাখা হবে। ওই প্যাভিলিয়নের উদ্বোধনেও আসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



