খুন করার জন্যই বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, চাঞ্চল্যকর অভিযোগ রাহুলের
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: খুন করার জন্যই তাঁর বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন রাহুল গান্ধী। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে নির্বাচনি প্রচারে গিয়ে এলটিটিইর আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী। ঘটনার পর কেটে গিয়েছে ৩৫টি বছর। প্রথমে ইন্দিরা গান্ধী, তার ঠিক সাত বছর পর রাজীব গান্ধী— পরিবারের দুই সদস্যকে হারিয়ে দিশাহারা ছিল পরিবার। তাও রাহুল জানিয়েছেন অকপটে। প্রায় ২৪ মিনিটের ওই ভিডিয়োতে রাহুল দাবি করেন, ‘রাজীব গান্ধীর নিরাপত্তা সরিয়ে নেওয়া কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। তাঁকে হত্যা করার মতো পরিস্থিতি তৈরি করতেই এটি করা হয়েছিল।’

Advertisement

সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে চর্চা শুরু হয়েছে সারা দেশে। আর এই নিয়েই মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আলোচনায় মেতে ওঠেন রাহুল। সেই আলোচনার ভিডিয়ো মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডলে প্রকাশ করেছেন দেশের বিরোধী দলনেতা। সেখানে রাহুল জানিয়েছেন, ১৯৮৯ সালের সাধারণ নির্বাচনে পরাজয় হয় কংগ্রেসের। এরপর থেকেই রাজীবের প্রাণ সংশয় দেখা দেয়। আলাপচারিতায় সোনিয়া বলেন, ‘আমার স্বামী নির্বাচনি প্রচারে বের হয়েছিলেন। তিনি তখন লোকসভার বিরোধী দলনেতা। রাহুলও তাঁর সঙ্গে ছিল। বিহারে জিপের মাথায় চড়ে প্রচার করছিলেন রাজীব। তাঁকে লক্ষ্য করে পাথর ধেয়ে আসে। সেই সফর ছিল ভয়ংকর।’ সোনিয়া আরও জানান, ‘এরপর রাহুল বাড়ি ফিরেএসে জানায়, মা আমরা যদি বাবার নিরাপত্তা নিয়ে কিছু না করি, তাহলে আমাকে বাবার শেষকৃত্যের জন্য ফিরতে হবে।’ 
সেই সূত্র ধরেই রাহুল বলেন, ‘বিহার সফরে বাবার নিরাপত্তার খামতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। তবে আমি আগে থেকেই এই নিয়ে আশঙ্কা করেছিলাম। এই নিয়ে বাবার সঙ্গে তর্কও করেছিলাম। মাকেও বিষয়টি জানিয়েছিলাম।’ প্রিয়াঙ্কা বলেন, ‘বাড়ির মধ্যে সামনের ঘরটি ছিল আমার। বাবার পায়ের শব্দ না শোনা পর্যন্ত আমার ঘুম আসতো না। বাবার নিরাপত্তা নিয়ে রাহুলের আশঙ্কা ছিল যুক্তিসংগত।’