কংগ্রেসের সঙ্গে আলোচনার মাঝেই ৫ আসনে প্রার্থী দিল সপা
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনার মধ্যেই উত্তরপ্রদেশের পাঁচটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল সমাজবাদী পার্টি। মঙ্গলবার রাতে অখিলেশ যাদবের দল জানিয়েছে, তারা সাহারানপুর, আমরোহা, কৈরানা, ললিতপুর ও বেহত আসনে লড়াই করবে। মঙ্গলবারও কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির তিনমূর্তি লেনের ঠিকানায় বসেছিল দু’ দলের বৈঠক। সেখানে প্রাথমিকভাবে ২৬টি আসন নিয়ে চুলচেরা আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশে কংগ্রেসের এখন ছ’জন সাংসদ রয়েছেন। যদিও ২০২২ সালের নির্বাচনে কংগ্রেস জিতেছিল মাত্র দুটি আসন। তাই বিধানসভা এবং লোকসভার প্রেক্ষিত বিচার করেই কংগ্রেসকে আসন ছাড়তে চাইছে সমাজবাদী পার্টি। কারণ, অখিলেশ যাদবের দলের রয়েছে ৩৭ সাংসদ। ১১১ বিধায়ক।  কোন আসনে কোন নির্বাচনে কংগ্রেস কত নম্বর অবস্থানে ছিল, আর সমাজবাদী পার্টিই বা কত নম্বরে, তা দেখা হচ্ছে। ৪০৩ আসন বিশিষ্ট বিধানসভায় যেখানে বিজেপি জিতে গতবার সরকার গড়েছে, সেখানে কং-সপা’র কী অবস্থান ছিল, এখন তার চেয়ে রাজনৈতিকভাবে অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। সেই মতো ২৬টি আসন নিয়ে আলোচনা হয়েছে। 

Advertisement

কংগ্রেসের ছয় সাংসদের লোকসভা কেন্দ্রের মধ্যে যেসব বিধানসভা রয়েছে, সেখানে কোন দলের কী অবস্থা, তা নিয়ে চর্চা হয়েছে। বৈঠকের পর সপা’র রামগোপাল যাদব এবং কংগ্রেসের পক্ষে উত্তরপ্রদেশের ইনচার্জ রাজেন্দ্র পাল গৌতম বলেছেন, ইতিবাচক আলোচনা হয়েছে। ভবিষ্যতে আরও হবে। আসন রফা নিয়ে এখনও কোনো বিবাদ নেই। যদিও সংবাদ মাধ্যমের একাংশ আমাদের মধ্যে মতান্তর ঘটানোর অপপ্রচার করছে।