নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুরু নানকের জন্মদিনে চমক দিল বিজেপি। মোদি সরকারের তিন বিতর্কিত কৃষি বিল ইস্যুতে জোট ভেঙে চলে যাওয়া শিরোমণি অকালি দলকে ছ’ বছর পর ফের এনডিএ’তে ফেরালেন অমিত শাহ। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে অকালি প্রধান সুখবীর সিং বাদলকে পাশে বসিয়ে মঙ্গলবার ঘোষণা হল জোটের। ২০২৭ সালের ১৬ মার্চ পাঞ্জাবে আম আদমি পার্টি’র সরকারের মেয়াদ শেষ। ফলে সামনের বছর গোড়ার দিকেই ভোট। তাই পুরনো বিবাদ ভুলে ফের মুখ্যমন্ত্রী হওয়ার ‘টোপ’ পেতেই বিজেপির সঙ্গে হাত মেলালেন বাদল।
আর এই জোটের খবর সামনে আসতেই চাপ বাড়ল কংগ্রেসের। আপের বিরুদ্ধে লড়ে এবার পাঞ্জাবে ফের ক্ষমতায় ফেরার আশায় ছিল রাহুল গান্ধীর দল। কিন্তু অকালির সংগঠন আর বিজেপির অর্থবলের সঙ্গে পেরে ওঠা চ্যালেঞ্জ হবে বলেই মনে করছে এআইসিসির একাংশ। তাই কংগ্রেসও চমক দেওয়ার চেষ্টায় নামছে।
পাঞ্জাবের পাতিয়ালার মহারাজা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে ফের কংগ্রেসে ফেরানো যায় কি না, তার পরিকল্পনা চলছে। আবার দলের অনেকের আশা, ২০২২ সালে ১১৭ আসনের বিধানসভায় মাত্র ১৮ আসন পেলেও চব্বিশের লোকসভায় ১৩ আসনের মধ্যে কংগ্রেস জিতেছে সাতটিতে। ফলে সাংসদের শক্তি আর পুরনো বড়ো নেতাদের ফেরাতে পারলে বিজেপি-অকালিকে রোখাও যেতে পারে।
২০২১ সালে অমরিন্দর সিংকে সরিয়ে সোনিয়া গান্ধী মুখ্যমন্ত্রী করেছিলেন দলিত চরণজিৎ সিং চান্নিকে। কিন্তু ভোটের মুখে এই পরিবর্তন কাজে দেয়নি। ২০২২ সালের নির্বাচনে পাঞ্জাব ‘হাত’ছাড়া হয়। জেতে আপ। রাগে অমরিন্দর গড়েন নিজের দল। পাঞ্জাব লোক কংগ্রেস। পরে সেটি বিজেপির সঙ্গে মিশিয়ে দেন। যদিও গত ১৬ নভেম্বর নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে যে ছবি দেখা গেল, তা নিয়ে রাজধানীর রাজনৈতিক মহলে বেড়েছে জল্পনা। সোনিয়া গান্ধীর আত্মজীবনীর উদ্বোধন অনুষ্ঠানে একেবারে সামনের সারিতে ছিলেন অমরিন্দর সিং।
এরই পাশাপাশি মনপ্রীত সিং বাদলের মতো নেতাও রয়েছেন। সুখবীর সিং বাদলের তুতো ভাই। আগে শিরোমণি অকালি দলে থাকলেও মতান্তরে যোগ দেন কংগ্রেসে। তারপর বিজেপি। ফলে যে সুখবীরের সঙ্গে মতান্তরে অকালি ছেড়েছিলেন, তাঁর সঙ্গেই বিজেপি জোট করায় কি মনপ্রীতের মন সায় দেবে? ফের তাঁকে কংগ্রেসে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। মোদির কৃষি নীতির জেরে পাঞ্জাবের বহু কৃষক মারা গিয়েছে বলে অভিযোগ। যার সমালোচনা করে এনডিএ ছেড়েছিল অকালি। মোদি মন্ত্রিসভা ছেড়েছিলেন হরসিমরত কউর বাদল। আবার যে বিজেপি পাঞ্জাবকে নেশা মুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছে, সুখবীর সিং বাদলের শ্যালক পাঞ্জাবের সাংসদ হরসিমরত কউর বাদলের ভাই বিক্রমজিৎ সিং মাজিথিয়ার নামেই রয়েছে এনডিপিএস মামলা। ফলে জোড়া আক্রমণের তোড়জোর করছে কংগ্রেস। এদিকে, পুরনো সঙ্গী ফিরে পেয়ে অমিত শাহ বলেছেন, এই জোটে অকালি দলই বড়দার ভূমিকায় থাকবে। ওরাই হবে মুখ্যমন্ত্রী। আমাদের লক্ষ্য পাঞ্জাবের উন্নয়ন। ২০২৯ সালের মধ্যে নেশামুক্ত করব পাঞ্জাব।



