নয়াদিল্লি, ২৫ নভেম্বর: প্রতিদিন একসঙ্গে ওঠাবসা। একই জায়গায় চাকরি। আর সেই ভরসাতেই সহকর্মীদের সঙ্গে পার্টিতে গিয়েছিলেন ২২ বছরের তরুণী। আর সেই যাওয়াই কাল হল তার কাছে। অভিযোগ নির্যাতিতা তরুণী পূর্ব দিল্লির প্রীত বিহারের কাছে একটি ক্যাফেতে গিয়েছিলেন আরো ৬ সহকর্মীর সঙ্গে। সেখানেই তাকে তার দুই সহকর্মী গণধর্ষণ করে এবং বাকি সহকর্মীরা এই কাজে সাহায্য করেছে বলে অভিযোগ তরুণীর । এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দুই মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত আরও তিনজনের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।
নির্যাতিতা এবং অভিযুক্তরা সকলেই দিল্লির একটি ক্যাফেতে একসঙ্গে কাজ করেন। তারা পূর্ব দিল্লির প্রীত বিহারের একটি ক্যাফেতে পার্টি করতে যান। অভিযোগ রাত সাড়ে ১১ টায় ক্যাফে বন্ধ হয়ে যাওয়ার পরেও দলটি নাচানাচি এবং মদ্যপান চালিয়ে যায়। অভিযুক্তদের একজনের কাছে ওই ক্যাফের চাবি ছিল। নির্যাতিতা তরুনীর অভিযোগ সেই সময় তার দুই সহকর্মী তাকে ধর্ষণ করে। অন্যদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। উল্টে এই নারকীয় ঘটনায় সাহায্য করেছে। ভোর সাড়ে তিনটে নাগাদ তারা ক্যাফে থেকে বের হয়। এরপরেই নির্যাতিতা তরুণী পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান চারজন পুরুষ এবং দুজন মহিলা সহকর্মীর বিরুদ্ধে। এরপরেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।



