গ্রামের বাতাসে শহরের তুলনায় বেশি দূষণ, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ২৫ নভেম্বর, ২০২৬ ১২:৩৮
Prefer us on Google

নয়াদিল্লি, ২৫ নভেম্বর: সাধারণত আমরা মনে করি গ্রামের বাতাসের তুলনায় শহরের বাতাস বেশি দূষিত। কলকারখানা, গাড়ি, জনসংখ্যার চাপ ইত্যাদির জন্য মনে হয় শহরের বাতাসে দূষণ বেশি। অন্যদিকে গ্রামে গাছপালা বেশি, লোকসংখ্যা কম, খোলামেলা জায়গা বেশি ইত্যাদির জন্য গ্রামের বাতাস তুলনামূলকভাবে পরিষ্কার। কিন্তু এবার সেই প্রচলিত ধারণা ভেঙে দিল আইআইটি দিল্লি ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা। দেখা গিয়েছে, দিল্লির আশেপাশের গ্রামীণ এলাকাগুলিতে বাতাসে পিএম ২.৫ এর মাত্রা শহরের তুলনায় ২০ শতাংশ বেশি।

Advertisement

গবেষকরা দিল্লির আশেপাশের গ্রাম ও ছোট শহর মিলিয়ে মোট ৪৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের বায়ুদূষণের তথ্য সংগ্রহ করেছে। এই তথ্য বিশ্লেষণ করে দিল্লি থেকে প্রায় ১৬০ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে বিভিন্ন জায়গার দূষণের মাত্রার সঙ্গে রাজধানীর বায়ুদূষণের তুলনা করা হয়। গবেষণায় দেখা গিয়েছে, ওই সময় গ্রামীণ এলাকাগুলিতে পিএম ২.৫ এর মাত্রা শহরের তুলনায় বেশি ছিল। এর ফলে শহরের বাইরে গ্রামের দূষণের মাত্রাও উদ্বেগজনক। গ্রামীণ এলাকাগুলিতে ভোর ৫টা থেকে সকাল ৮টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে বায়ুদূষণের মাত্রা দ্রুত বেড়ে যায়। অন্যদিকে দুপুরের দিকে গ্রাম ও শহর উভয় জায়গাতেই দূষণের মাত্রা প্রায় কাছাকাছি ছিল। 
বিশেষজ্ঞদের মতে, গ্রামে দূষণ বৃদ্ধির অন্যতম কারণ স্থানীয়দের বিভিন্ন জ্বালানি পোড়ানো, রান্নার কাজে জৈব জ্বালানি বা কাঠ ও খড়ের ব্যবহার করা। এর পাশাপাশি ইটভাটা ও ছোট শিল্প এই সব কারণের জন্য দূষণ ছড়ায়। কিন্তু গবেষণায় এই জিনিসগুলি উল্লেখ করা হলেও, গ্রামে দূষণের মাত্রা বেড়ে যাওয়ার কারণ এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তাই বায়ুদূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনা করতে গেলে শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিতেও নজর দিতে হবে। গ্রামের দূষণের উৎস চিহ্নিত করে সেখানেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।