বাংলায় কোণঠাসা করা যাবে না বাংলা ছবিকে। কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হল মালিক, প্রযোজক, পরিচালক, ডিস্ট্রিবিউটর সহ অন্য বিশিষ্টদের সঙ্গে নবান্ন সভাঘরে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, অন্য ভাষার সিনেমা রাজ্যে অবশ্যই চলবে। তবে তা বাংলা সিনেমার ক্ষতি করে নয়। বাংলা ছবিকে প্রেক্ষাগৃহ থেকে সরানো যাবে না। দুপুর তিনটে থেকে রাত ন’টার প্রাইম টাইমের মধ্যে চালাতে হবে বাংলা সিনেমা। গত সরকারের আমলে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা সিনেমা চালানোর যে প্রস্তাব উঠেছিল, এবার তা আরও জোরদারভাবে কার্যকর হবে। সূত্রের খবর, নির্দেশ মানা না হলে প্রেক্ষাগৃহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাতিল করা হতে পারে ওই প্রেক্ষাগৃহের লাইসেন্সও। রাজ্যজুড়ে হল বৃদ্ধির কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ৫১টি নতুন প্রেক্ষাগৃহ তৈরির পাশাপাশি ৭০টি প্রেক্ষাগৃহ সংস্কারের উদ্যোগ নেবে রাজ্য সরকার। এর জন্য একটি কমিটি গঠন করা হবে। তার মাথায় থাকবেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পাশাপাশি হল মালিকদের আর্থিক সহায়তার কথা ভাবছে সরকার। সম্প্রতি ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি ভালো ব্যবসা করা সত্ত্বেও একটি হিন্দি ছবির মুক্তির জেরে শো টাইম কমানোর কথা জানিয়েছিলেন হল মালিকরা। এরপরই বাংলা ছবিটির শো বন্ধ করার চিন্তাভাবনা করে প্রযোজনা সংস্থা। তার জেরেই এদিনের বৈঠক। হল মালিক, প্রযোজক সহ উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রতীম ডি গুপ্তা, অতনু ঘোষ, শুভ্রজিৎ মিত্রর মতো বিশিষ্টরা।



