‘মেয়েদের লড়াই প্রকাশ পায় না’: এষা দেওল
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• এই ছবিতে অভিনয় করতে রাজি হলেন কেন?

Advertisement

•• গল্পের জন্য। এর আগে ‘রুদ্র’ সিরিজে আমি পুলিশের স্ত্রীর ভূমিকায় কাজ করেছিলাম। এখানে চরিত্রটি সম্পূর্ণ আলাদা। মহিলারা কানেক্ট করতে পারবেন।  
• আপনার বিপরীতে অমিত সাধ। ওঁর কাজ দেখেছেন আগে?
•• ‘কাই পো চে’ ছবিতে ওঁর কাজ অপূর্ব লেগেছিল। অমিত নিজের কাজের প্রতি সৎ। ওঁর সঙ্গে কাজের ইচ্ছে ছিলই। অবশেষে সেই সুযোগ পেলাম (হাসি)।
• কীভাবে প্রস্তুতি নিলেন? 
•• বাস্তবে আমি বহু গৃহবধূকে চিনি। তাঁরা স্বামীকে ভীষণ সম্মান করেন। নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন। তাঁদের গল্পই আমাকে প্রস্তুতি নিতে সাহায্য করেছে। এই ছবিতে স্বামী-স্ত্রীর মধ্যে সুন্দর বন্ডিং রয়েছে। পরিচালকের এই ভাবনাটা আমার খুব ভালো লেগেছিল। 
• নিজের জীবনের অভিজ্ঞতা সিনেমায় কাজে লাগান কীভাবে?
•• আমি এমন চরিত্রই বেছে নিই, যেখানে মহিলারা শক্তিশালী। বাস্তব জীবনেও মহিলাদের নিজস্ব লড়াই রয়েছে। সবসময় তা প্রকাশ পায় না। তবে সেসব যদি আমার চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি, তাহলেই আমার সার্থকতা।
• আপনার মা (হেমা মালিনী) সমস্ত ক্ষেত্রে অত্যন্ত সফল... (থামিয়ে)
•• শুধু তাই নয়, মা খুব শক্ত মনের মানুষ। আমি বাবা-মা দু’জনেরই কিছু না কিছু গুণ পেয়েছি। মা কখনো চুপচাপ বসে থাকতে পারেন না। সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। আমি আবার এতটা কর্মব্যস্ত থাকতে পছন্দ করি না। 
• মানসিক স্বাস্থ্য ভালো রাখেন কীভাবে? 
•• এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যোগা করি। জীবনে একটা সময় মেডিটেশনও দরকার পড়ে। মেডিটেশন খুব সাহায্য করেছে আমাকে। শান্ত থাকতে, নিজের কাজে ফোকাস রাখতে সাহায্য করেছে। শিখেছি, কোনো অনুভূতি চেপে রাখতে নেই। যেটা বলার সেটা বলে দেওয়াই ভালো।
শামা ভগত • মুম্বই