Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নিলামে বিশাল দর পাওয়া নিয়ে সমালোচনার জবাব দিলেন ব্যাটে, চাপের মুখে পারফর্ম করে তৃপ্ত বেঙ্কটেশ

শেষ ৫ ওভারে ৭৮। দ্রুত বদলে গেল স্কোরবোর্ড। গোটা মাঠ জুড়ে বইল চার-ছক্কার বন্যা। ঘরের মাঠে চেনা কেকেআর।

নিলামে বিশাল দর পাওয়া নিয়ে সমালোচনার জবাব দিলেন ব্যাটে, চাপের মুখে পারফর্ম করে তৃপ্ত বেঙ্কটেশ
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত বেরা, কলকাতা: শেষ ৫ ওভারে ৭৮। দ্রুত বদলে গেল স্কোরবোর্ড। গোটা মাঠ জুড়ে বইল চার-ছক্কার বন্যা। ঘরের মাঠে চেনা কেকেআর। বেঙ্কি ঝড়ে জেগে উঠল ইডেনের গ্যালারি। পতপত করে উড়ল বেগুনি পতাকা। সঙ্গে করব...লড়ব...জিতব...রে...।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডি’কক ও সুনীল নারিনের বিদায়ে কেকেআর সমর্থকদের মনে জাঁকিয়ে বসেছিল আশঙ্কা। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কী তাহলে যেতে বসেছে বিফলে। পরিস্থিতি সামলে দিয়েছিলেন রাহানে-রঘুবংশী জুটি। তা সত্ত্বেও মনে হয়নি, নাইটদের স্কোর পৌঁছে যাবে দুশোর ঘরে। কিন্তু বেঙ্কটেশ আয়ারের তাণ্ডবে তছনছ হয়ে গেল সানরাইজার্সের বোলিং। ২৫ বলে হাফ-সেঞ্চুরি হাঁকালেন সহ-অধিনায়ক। সানরাইজার্সের ক্যাপ্টেন কামিন্সকে বড়ই অসহায় দেখাচ্ছিল। কোনওভাবেই আটকানো যাচ্ছিল না বাঁ-হাতি ব্যাটারকে। তিন ম্যাচের ব্যর্থতা কাটিয়ে চেনা ছন্দে বেঙ্কটেশ। ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে গড়ে দিলেন লড়াকু পুঁজি।
বেঙ্গালুরু ও মুম্বই ম্যাচে রান পাননি বেঙ্কটেশ। কটাক্ষ ভেসে এসেছিল তাঁর দিকে, ‘শাহরুখ যেন মান্নত থেকে টাকার থলি নিয়ে আরব সাগরে ফেলে দিয়েছেন।’ নিলামে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে তাঁকে দলে ফিরিয়েছিল কেকেআর। কিং খানের দলের ম্যানেজারদের পরিকল্পনা নিয়েও অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। তবে কঠিন ম্যাচে দলকে ভরসা জুগিয়ে বেঙ্কটেশ বুঝিয়ে দিলেন, তাঁর পিছনে রেকর্ড অর্থ ঢেলে ভুল করেনি দল। চরম হতাশা ও তীব্র সমালোচনাই আরও বেশি আগ্রাসী করে তুলেছিল বেঙ্কিকে। চওড়া ব্যাটে মোক্ষম জবাব দিলেন তিনি। স্বভাবতই দারুণ তৃপ্ত বেঙ্কটেশ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘চাপ তো ছিলই। সেটা অস্বীকার করব না। আশেপাশে আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিল। সেগুলো আমি ভালোই টের পাচ্ছিলাম। তবে কত টাকা পেলাম তা নিয়ে চাপ নয়, চাপটা থাকে দলের হয়ে ভালো পারফর্ম করার। একবার মাঠে নেমে পড়লে টাকার কথা মাথায় থাকে না। তখন কুড়ি লাখ বা কুড়ি কোটির কোন গুরুত্ব নেই। আমরা সবাই এক হয়ে দলকে জেতানোর চেষ্টা করি। কঠিন পরিস্থিতিতে এদিন সেই কাজটাই করেছি। আমি দারুণ তৃপ্ত।’
আর এক বাঁ-হাতি রিঙ্কু সিংয়ের সঙ্গে ৯১ রানের পার্টনারশিপে ভরসা দিলেন দলকে। রানে ফিরে খুশি বেঙ্কি। বললেন, ‘দুটো ম্যাচ প্রত্যাশা মতো খেলতে পারিনি। তবে ফর্মে ফিরব, সেই বিশ্বাস ছিল। ঘরের মাঠে রান পেয়ে ভালো লাগছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই ইনিংস এগিয়ে নিয়ে গিয়েছি। তবে আমার কাজ অনেক সহজ করে দেয় রাহানে ও রঘুবংশী।’

Advertisement
সম্পর্কিত সংবাদ