নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিসর্জনের বাজনায় বিষাদের সুর। শুভ বিজয়ার প্রণাম, কোলাকুলি, মিষ্টিমুখের পালা চলছে পাড়ায় পাড়ায়। উৎসবের রেশ কাটেনি এখনও। এরমধ্যেই শুক্রবার আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ইস্ট বেঙ্গল। পুনের বালওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সে হাবাস ব্রিগেডের সামনে ইন্টার কাশী। ৩ পয়েন্ট তুলে নিতে পারলে রবিবার লক্ষ্মীপুজোর আগেই লক্ষ্মীলাভ হবে ইস্ট বেঙ্গলের। একইসঙ্গে এসিএল টু’য়ের ম্যচে খেলতে ওমান উড়ে যাওয়ার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন রশিদরা। উল্লেখ্য, আগামী মঙ্গলবার ওমানে লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ আল সিব। পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে জেতা ছাড়া উপায় নেই। তাই ফোকাস হারাতে নারাজ রশিদ, গিল, রামিরেজরা।
গোয়ায় চার্চিল ব্রাদার্সকে ৪-০ ব্যবধানে বশ মানিয়ে আইএসএল অভিযান শুরু করেছে ইস্ট বেঙ্গল। ডেভিড, বিপিনদের ঝলমলে পারফরম্যান্স সমর্থকদের প্রত্যাশা বাড়িয়েছে অনেকটাই। বিদেশিহীন ইন্টার কাশীর বিরুদ্ধে সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া লাল-হলুদের স্প্যানিশ কোচ। কয়েক মাস আগে এই কাশীকে বশ মানিয়েই প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মশাল বাহিনী। দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে শীর্ষ লিগ জয়ের পর অকাল দেওয়ালিতে মেতেছিলেন লাল-হলুদ সমর্থকরা। অনেকেরই ধারণা, চলতি মরশুমে ইন্টার কাশী এখনও গুছিয়ে নিতে পারেনি। তুলনায় হাবাস ব্রিগেড অনেক শক্তিশালী। নাম অনুযায়ী পারফরম্যান্স করতে পারলে ডেভিডদের ধরে রাখা কঠিন। তবে দলে কিছু রোটেশনের ভাবনা রয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের। টানা খেলার ধকল সামলাতে এমনটাই ভাবনা তাঁর। ম্যাচের আগে হাবাসের মন্তব্য, ‘চ্যাম্পিয়ন হতে গেলে শক্তিশালী স্কোয়াড প্রয়োজন। আমার দলে সবাই খেলার জন্য ছটফট করছে। তাই কিছু পরিবর্তন দেখা যেতে পারে।’ পাশাপাশি চার্চিলের বিরুদ্ধে জোড়া গোলের নায়ক বিপিন সিংও আত্মবিশ্বাসী। এই নিয়ে আইএসএলে ১৫০ গোল করে ফেললেন অভিজ্ঞ উইং হাফ। বিপিনের মন্তব্য, ‘লক্ষ্যভেদ সবসময় আত্মবিশ্বাস বাড়ায়। কোচের পরিকল্পনা মেলে ধরতে আমরা তৈরি।’ উল্লেখ্য, গত মরশুম মিলিয়ে এখনও পর্যন্ত টানা ১১ টি আইএসএলের ম্যাচে অপরাজিত রয়েছে লাল-হলুদ ব্রিগেড।
বৃহস্পতিবার সকালের ফ্লাইটে পুনে পৌঁছাল ইস্ট বেঙ্গল। সন্ধ্যায় টিম হোটেলেই স্ট্রেচিং ও মিটিং সারলেন হাবাস। শুরু থেকেই প্রেসিং ফুটবলে জোর দিচ্ছেন তিনি। আইভরি কোস্টের একে লোবা ও পোলিশ স্ট্রাইকার লুকাসকে বেশি সময় ম্যাচ টাইম দেওয়ার ভাবনা রয়েছে স্প্যানিশ কোচের। গত ম্যাচে বাদ পড়লেও এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন অজি ফুটবলার ইকোনমিডিস। অন্যদিকে, কেরল ব্লাস্টার্সের কাছে পরাস্ত হলেও ওড়িশাকে রুখে দিয়েছে ইন্টার কাশী। প্রতীক চৌধুরি, নিশ্চল চন্দন, মনবীর সিংয়ের মতো ভারতীয় ফুটবলার পর্তুগিজ কোচ কার্লোস ভাজের ভরসা। ঘরের মাঠে গুটিয়ে না থেকে হাবাস ব্রিগেডকে চ্যালেঞ্জ জানাতে চান তিনি। ম্যাচ শুরু বিকেল ৫টায়। সম্প্রচার ইউটিউব ও সোনি লিভে।



