নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সস্তার তিন অবস্থা। ফেডারেশনের অবস্থা তেমনটাই। খরচ বাঁচাতে দুই পর্বে মহিলা লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। আগামী ১৩ নভেম্বর মহিলা লিগ শুরু। জানা যাচ্ছে, কল্যানী ছাড়াও ইন্ডিয়ান উওমেন্স লিগে দ্বিতীয় লেগের ভেন্যু জামশেদপুর। কিন্তু সূচি দেখে বিভিন্ন ক্লাব ম্যানেজমেন্ট ক্ষোভ উগরে দিচ্ছে। প্রায় প্রতিদিনই ম্যাচ রয়েছে কল্যানীতে। মাঠ যত্নে রাখতে পরিচর্যা দরকার। কিন্তু ঠাসা সূচিতে তা অসম্ভব। ৮ দলের টুর্নামেন্টে ইস্ট বেঙ্গল ছাড়াও গোকুলাম, নীতা এফএ, সেতু এফসি, গাড়োয়াল ইউনাইটেড, কিকস্টার্ট এফসি, যুব সঙ্ঘ, হোপ এফসি অংশ নিচ্ছে। সেখানে প্রতিদিন ম্যাচ দেওয়া মানে চোটের সম্ভবনা প্রবল। আসলে কোনওরকমে টুর্নামেন্ট শেষ করাই উদ্দেশ্য। ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে এএআইএফএফ। চলতি মরশুমে এএফসিতে অংশ নিচ্ছে ইস্ট বেঙ্গলের মহিলা দল। কোনও ফুটবলার চোট পেলে দায় নেবে কে? ঠান্ডা ঘরে বসা ফেডারেশন কর্তারা চেয়ার বাঁচানোর খেলায় ব্যস্ত। ফুটবল গোল্লায় যাক!



