মোহন বাগানকে ভরসা জোগাচ্ছেন মিগুয়েল
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিগুয়েল বনাম মাধি তালাল। দ্বৈরথের মঞ্চ তৈরি। আগামী সোমবার ঘরের মাঠে চেন্নাইয়ানের বিরুদ্ধে নামছে মোহন বাগান। পানোস ব্রিগেড ইতিমধ্যেই দু’টি অ্যাওয়ে ম্যাচ খেলেছে। স্বভাবতই আইএসএলে প্রথম হোম ম্যাচ ঘিরে সবুজ-মেরুন সদস্য, সমর্থকদের আগ্রহ রয়েছে বেশ। গত ম্যাচে পিছিয়ে পড়েও এসসি দিল্লিকে বশ মানিয়েছিল পালতোলা নৌকা ব্রিগেড। দ্বিতীয়ার্ধে ছোট্ট স্পেলে ম্যাচের রং বদলে দিয়েছিলেন ব্রাজিলিয়ান প্লে-মেকার মিগুয়েল। চেন্নাইয়ানের বাধা টপকাতে বিপজ্জনক ব্রাজিলিয়ানই ভরসা পানোসের। যুবভারতীর অপেক্ষাকৃত বড়ো মাঠে বাড়তি স্পেস পাবেন তিনি। বিপক্ষ রক্ষণের জাল কাটিয়ে মিগুয়েলের থ্রু পাস দেখার অপেক্ষায় গোটা মোহন বাগান।

Advertisement

বৃহস্পতিবার যুবভারতীর প্র্যাকটিস মাঠে প্রস্তুতি সারল মোহন বাগান। আইএফএ শিল্ডে নর্থ ইস্টের বিরুদ্ধে চোট পেয়েছিলেন ম্যাকা। চলতি আইএএসএলে এখনও মাঠের বাইরে তিনি। চেন্নাইয়ানের বিরুদ্ধে অজি বিশ্বকাপার কী খেলতে পারবেন? জেমি ম্যাকলারেনকে নিয়ে ধোঁয়াশা থাকছেই। সূত্রের খবর, আরও গোটা দুয়েক প্র্যাকটিস সেশন দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে থিঙ্কট্যাঙ্ক। লম্বা লিগে কোনো ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। ম্যাকরালেন না পারলে লি আরউইন তো রয়েইছেন। দিল্লির বিরুদ্ধে তাঁর গোলেই সমতায় ফিরেছিল মোহন বাগান। গোলের স্বাদ পেয়ে অনুশীলনেও আত্মবিশ্বাসী দেখাচ্ছে তাঁকে। মোহন বাগানের আসল শক্তি অবশ্য মাঝমাঠ। বিশেষ করে সাহাল, আপুইয়া, ছাংতেরা এবার বেশ ভালো ফর্মে। লেফট উইং ব্যাকে অভিষেক টেকচামকে খেলানোর পর ঠকঠকানি কিছুটা কম। তবে আলবার্তো ও রাহুল ভেকের কম্বিনেশনে কিছুটা ভুলভ্রান্তি থাকছেই। দ্রুত সেই ত্রুটি শুধরে নিতে হবে পানোসকে। একমাত্র লিস্টনকে নিয়েই চিন্তা থাকছে। ম্যাচ টাইম দিয়ে তাঁর আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টায় গ্রিক কোচ। কিন্তু গোয়ানিজ উইঙ্গারের দৌড় কোথায়? 
প্রতিপক্ষ চেন্নাইয়ানকে হেলাফেলা করা ভুল। এখনো জয়ের মুখ না দেখলেও দলে তারকার অভাব নেই। মাধি তালাল, ব্রাইসন, ইরফান ছাড়াও মোহন বাগানের প্রাক্তনী নুনো রেইস, দীপ্যেন্দু বিশ্বাসও রয়েছেন দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি দলে। ইন্দোনেশিয়ার লিগে খেলা স্ট্রাইকার রোমান ট্যাঙ্কও বিপজ্জনক হতে পারেন। চেন্নাই কোচ ক্লিফোর্ড মিরান্ডা একসময় কাজ করেছেন মোহন বাগানে। সবমিলিয়ে পানোসকে সতর্ক থাকতেই হবে।