কারাকাস, ৪ জানুয়ারি: মধ্যরাতে অভিযান। বাসভবনের বেডরুম থেকে সস্ত্রীক আটক ও পরে গ্রেপ্তার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক স্বাধীন রাষ্ট্রে রাতারাতি হামলা চালিয়ে, ক্ষমতায় থাকা প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে গোটা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে আমেরিকা। এই মুহূর্তে নিউ ইয়র্কের জেলে বন্দি রয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। তাই ভেনেজুয়েলার দায়িত্ব গিয়েছে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজের কাঁধে। আজ, রবিবার ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত ডেলসিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে। ‘প্রেসিডেন্ট পদের সঙ্গে যুক্ত সমস্ত ক্ষমতা, দায়িত্ব ও কর্তৃত্ব অন্তর্বর্তীকালীন ভাবে প্রয়োগ করবেন, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যায়, ডেলসিকে এমনই নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। তবে মাদুরোকে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করেনি আদালত।



