নিউইয়র্ক: ফের ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধের কৃতিত্ব দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর অপারেশন সিন্দুরে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরপর সংঘাতে জড়িয়েছিল দুই দেশ। সেই সংঘর্ষ বন্ধের নেপথ্যে তাঁর ‘বাণিজ্য নীতি’ রয়েছে বলে এর আগেও একাধিকবার দাবি করেছিলেন ট্রাম্প। বুধবার মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আট মাসে আমি ৮টি যুদ্ধ থামিয়েছি। কোসোভো-সার্বিয়া, কঙ্গো-রোয়ান্ডার পাশাপাশি এরমধ্যে রয়েছে ভারত-পাক সংঘাতও।’ ভারত-পাক সংঘাতে কতগুলি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, তা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করে এসেছেন ট্রাম্প। প্রথমে পাঁচ, আবার পরে সাতটি বিমান ধ্বংসের কথা বলেছিলেন। এবার তাঁর দাবি, আটটি বিমান নষ্ট হয়েছিল।
এব্যাপারে ট্রাম্প বলেছেন, ‘উভয় দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল। তখনই আমি একটি সংবাদপত্র থেকে জানতে পারি, ওরা (ভারত-পাকিস্তান) যুদ্ধে জড়াতে চলেছে। সাতটি বিমানকে গুলি করে নামানো হয়েছে এবং আরও একটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা যায়, আটটি বিমানকেই ধ্বংস করা হয়েছে। আমি বলেছিলাম, তোমরা যুদ্ধে জড়িয়ে পড়ছ। এখনই শান্তির পথে না এলে, আমি বাণিজ্যচুক্তি করব না।’
তিনি আরও বলেন, ‘দুই দেশই বলেছিল, সম্ভব নয়। এর সঙ্গে বাণিজ্যের কোনও সম্পর্ক নেই। আমি বলেছিলাম, সবই একে অপরের সঙ্গে সম্পর্কিত। শান্তিচুক্তি না করলে আমি তোমাদের সঙ্গে বাণিজ্য করব না। একদিন পরেই ওরা আমায় ফোন করে বলে, আমরা শান্তিচুক্তিতে সম্মত হয়েছি। শুল্ক চাপানোর হুঁশিয়ারির কারণেই এটা সম্ভব হয়েছে।’ উল্লেখ্য, নয়াদিল্লির পক্ষ থেকে বারেবারেই জানানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বন্ধে তৃতীয় কোনও পক্ষের ভূমিকা নেই। ভারতের কাছে পাকিস্তানের আর্জির পরিপ্রেক্ষিতেই যুদ্ধবিরতি হয়েছিল।