সংবাদদাতা, ময়নাগুড়ি: একই কলেজের দুই বন্ধু। দুজনেরই পর্বতারোহণের অদম্য জেদ। কিন্তু মাউন্ট রেনকের প্রতিকূল আবহাওয়া আর দূর্গম পথের বাধায় মাঝপথেই থেমে যেতে হয় একজনকে। অপরজনেরও শুরু হয় শারীরিক সমস্যা। কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র নন সে। অবশেষে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে ৫০৩০ মিটার উচ্চতায় থাকা মাউন্ট রেনকের চূড়ায় পৌঁছে তাক লাগালেন ময়নাগুড়ির অপু বিশ্বাস। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর পাশপাশি এনসিসি ক্য্যাডারের ৫০ বেঙ্গল ব্যাটেলিয়নের সদস্য তিনি। তাঁর এই অনন্য সাফল্যে গর্বিত ময়নাগুড়িবাসী।
অপু বিশ্বাস জানান, পর্বতারোহণের উপর একটি কোর্স করছেন তিনি। সেখান থেকেই এই অভিযানে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর সঙ্গে আরও এক বন্ধু গিয়েছিল। গত ২৯ অক্টোবর থেকে পাহাড় চড়া শুরু করে তাঁরা। কিন্তু শারীরিক সমস্যা হওয়ার কারণে তাঁর বন্ধু চূড়া পর্যন্ত উঠতে পারেনি। তারপর ১১ নভেম্বর তিনি পর্বতের চূড়ায় গিয়ে পৌঁছন। ওইখানে দুইদিন এইচ এমআই বেস ক্যাম্পে ছিলেন অপু। এরপর ১৫ তারিখ তাঁরা নিরাপদে পাহাড় থেকে নীচে নেমে চলে আসে। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে পর্বতশৃঙ্গ জয়ে খুশি পরিবার ও স্থানীয়রা। এরপর আরও বড়ো পর্বতশৃঙ্গ জয়ের স্বপ্ন দেখছে অপু।



