সংবাদদাতা, বোলপুর: রেশন দোকানে খাদ্যশস্য নিতে গিয়ে কোথাও চাল-গমের ওজনে কারচুপি, কোথাও আবার গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার। গ্রামবাসীদের মুখে সেই অভিযোগ শুনেই আর দেরি করলেন না রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। সরেজমিনে তদন্তের পর ঘটনাস্থলেই অভিযুক্ত রেশন ডিলারকে সাসপেন্ড করার নির্দেশ দিলেন তিনি।
মঙ্গলবার আচমকাই বীরভূম সফরে এসে বোলপুরের বল্লভপুরডাঙা গ্রামে পৌঁছে যান খাদ্যমন্ত্রী। এদিন সরাসরি গ্রামে ঢুকে বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তাঁদের অভাব-অভিযোগ শোনার সময়ই উঠে আসে স্থানীয় রেশন ডিলার দেবাশিস গোস্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ। গ্রাহকদের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁদের প্রাপ্য চাল ও গমের পরিমাণ কম দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, প্রতিবাদ জানাতে গেলে ডিলারের দুর্ব্যবহারেরও শিকার হতে হত বলে অভিযোগ।
গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ শোনার পরই কড়া পদক্ষেপ নেন মন্ত্রী। অভিযুক্ত ডিলারকে সাসপেন্ড করার পাশাপাশি তাঁর লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এদিন বোলপুরের বিভিন্ন খাদ্য দপ্তরের গোডাউনও ঘুরে দেখেন অশোক কীর্তনীয়া। সেখানে খাদ্যশস্যের মজুত, সংরক্ষণ এবং গুণগত মান খতিয়ে দেখেন তিনি। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর বার্তাও দেন মন্ত্রী। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, রেশন বণ্টনে অনিয়ম বা গ্রাহককে বঞ্চিত করার অভিযোগ সামনে এলেই আর শুধু কাগজে-কলমে তদন্তে সীমাবদ্ধ থাকবে না প্রশাসন। আগামী দিনেও আচমকা পরিদর্শন চালিয়ে অভিযোগের সত্যতা মিললে একইভাবে কঠোর পদক্ষেপ করা হবে।



