সংবাদদাতা, বোলপুর: কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের এনকাউন্টার কাণ্ডের তদন্তভার নিতে পারে সিআইডি। এমনই জানা গিয়েছে জেলা পুলিশ সূত্রে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবারই সিআইডির একটি দল নানুরে পৌঁছিয়েছে। এক পুলিশ আধিকারিকের থেকে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানছেন তাঁরা।
এদিকে, মঙ্গলবার দুপুরে নানুরের উচকরণ সংলগ্ন পরিত্যক্ত ইটভাটায় পৌঁছয় বীরভূম জেলা পুলিশের একটি দল এবং আসানসোল-দুর্গাপুর থেকে আসা ফরেনসিক দল। ওই ইটভাটাতেই পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিল রতন। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা। এর আগে সোমবার সন্ধ্যায় নানুর থানায় রাখা গুলিবিদ্ধ পুলিশের গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন ওই বিশেষজ্ঞ দলের সদস্যরা। রতনের গুলিতে ওই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে পুলিশের দাবি। গোটা ঘটনার ফরেনসিক তদন্তের পাশাপাশি এবার সিআইডি তদন্ত শুরু হলে এনকাউন্টারের বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে বলে মনে করা হচ্ছে।
খুন, ডাকাতিসহ একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত রতন শেখ কয়েকদিন আগেই জামিন পায়। বাইরে বেরিয়ে এসে পুলিশ কর্মীকে গুলি করে বসে। পরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে তার মৃত্যু হয়। এরপরই রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা খোঁজখবর শুরু করেন একাধিক অপরাধের ইতিহাস থাকা অভিযুক্তরা কীভাবে জামিন পেয়ে যাচ্ছে!



