বেপরোয়া গতির জেরে রাজ্য সড়কে ফের দুর্ঘটনা! দেওয়াল ভেঙে বাড়ির ভিতরে ঢুকল আস্ত ডাম্পার, আহত ২
  • ১৭ নভেম্বর, ২০২৬ ১০:২২
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: সাত সকালে পুরুলিয়ার সাঁতুড়ি থানা এলাকার মাড়বেদিয়াতে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার সোজা একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। ঘটনায় বাড়ির দুই বাসিন্দা গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতসকালে রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়ক ধরে দ্রুতগতিতে যাচ্ছিল ডাম্পারটি। মাড়বেদিয়া এলাকায় পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। প্রথমে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। এরপর আর রাস্তার উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি চালক। রাস্তা থেকে নেমে পাশের একটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে সোজা ঘরের ভিতরে ঢুকে পড়ে ডাম্পারটি। প্রচণ্ড ধাক্কায় বাড়ির একাংশ কার্যত ধসে পড়ে। ঘরের ভিতরে থাকা ইট, মাটি ও টালির স্তূপের নিচে আটকে পড়েন দুই বাসিন্দা। বিকট শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধারকাজ। তাঁদের তৎপরতায় ধ্বংসস্তূপের নিচ থেকে দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়। গুরুতর জখম অবস্থায় তাঁদের স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

এদিকে, দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক ও ক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁতুড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটি উদ্ধারের জন্য আনা হয় জেসিবি। পুলিশ সূত্রে খবর, গাড়িটিকে আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পলাতক। তার সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। দুর্ঘটনার পর ফের সামনে এসেছে এলাকার বেপরোয়া ডাম্পার চলাচলের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়ক দিয়ে দিনরাত অত্যন্ত দ্রুতগতিতে ডাম্পার চলাচল করে। বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁদের।