সুপ্রিম নির্দেশ মেনে টুলু ফিরছেন আজ?  রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল তুঙ্গে
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আজ, ১৭ নভেম্বরের মধ্যে দুবাই থেকে কলকাতায় ফেরার কথা ছিল টুলু মণ্ডলের। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ টুলু মণ্ডল আদৌ মানলেন কি না, তা নিয়ে কৌতূহল ও চর্চা তুঙ্গে রাজনৈতিক ও পুলিশ মহলে। 

Advertisement

শীর্ষ আদালত অবশ্য আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, দেশে ফেরার পরবর্তী ২১ দিন পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বা তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না। তবে তিনি না ফিরলে সেই রক্ষাকবচ খারিজ হয়ে যাবে এবং পূর্ববর্তী হুলিয়া ও গ্রেপ্তারি পরোয়ানা ফের কার্যকর হবে। টুলুর আইনজীবীদের সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আজই কলকাতায় পা রাখতে চলেছেন তিনি।
উল্লেখ্য, টুলু মণ্ডলের বিরুদ্ধে সিউড়ির এসিজেএম আদালত জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা এবং হুলিয়া জারি করেছিল। সেই নির্দেশই বহাল রেখেছিল কলকাতা হাইকোর্টও। এর বিরুদ্ধে টুলু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত ৪ নভেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে এই মামলার শুনানিতে টুলুর পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতগি। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই পদক্ষেপ করা হচ্ছে। টুলু অপরাধী নন, দুবাইয়ে বৈধ ব্যবসা করছেন এবং রক্ষাকবচ পেলেই তিনি ফিরতে প্রস্তুত। এরপর রাজ্যের সলিসিটর জেনারেল ও অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, তিনি ফিরলে তিন সপ্তাহ গ্রেপ্তার করা হবে না, তবে তদন্ত চলবে। দুই পক্ষের বক্তব্য শুনে শীর্ষ আদালত ১৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়।
আইনজীবীদের মতে, নিয়ম অনুযায়ী দেশে ফেরার সঙ্গে সঙ্গেই টুলু মণ্ডলকে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করতে হবে। সেই সঙ্গে মামলার তদন্তকারী আধিকারিকদের তাঁর প্রত্যাবর্তনের কথা লিখিতভাবে জানিয়ে তদন্তে পূর্ণ সহযোগিতার কথা বলতে হবে। প্রয়োজনে তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদও করতে পারেন। তবে তিনি সিউড়ি আদালতে সরাসরি হাজিরা দেবেন কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। এই মামলার সঙ্গে যুক্ত সিউড়ি আদালতের এক অভিজ্ঞ আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের শেষ আদেশে সিউড়িতে হাজিরা দেওয়ার কোনো স্পষ্ট নির্দেশ নেই। তবে তিনি ফিরলে জেলা বিচারককে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবগত করা হবে।
সব মিলিয়ে, আদালতের বেঁধে দেওয়া এই ডেডলাইনের দিনে টুলু মণ্ডলের দেশে ফেরা নিয়ে যেমন প্রশাসনিক স্তরে তৎপরতা রয়েছে, তেমনই এই মামলার তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে বীরভূম তথা গোটা রাজ্য।