সংবাদদাতা, ময়নাগুড়ি: নয়া কৌশলে এবার প্রতারণার ফাঁদ সাইবার প্রতারকদের। একটি মোবাইল নম্বর থেকে কোনোভাবে ওটিপি সংগ্রহ করতে পারলেই কেল্লা ফতে! মোবাইলটি হ্যাক করে সেই ব্যক্তির হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতেও সাইবার অপরাধীরা পাঠিয়ে দিচ্ছে এপিকে ফাইল। তবে সাইবার অপরাধীদের নামে নয়, যে ব্যক্তির মোবাইল হ্যাক করা হয়েছে তার নামেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে পৌঁছে যাচ্ছে এপিকে ফাইল। আর এই ফাইল খুললেই ঘটছে বিপত্তি। ময়নাগুড়ি থানাতেও বেশকিছু সাইবার সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। সেখানে দেখা গিয়েছে এপিকে ফাইল খুলতেই মোবাইল হ্যাং হয়ে গিয়েছে। এরপর অ্যাকাউন্ট থেকে লোপাট হয়ে গিয়েছে টাকা।
ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রের এক আধিকারিক বলেন, সাইবার অপরাধীরা বিভিন্নভাবে অপরাধ করার চেষ্টা করে। লোন দেওয়া বা কেওয়াইসি’র নামে সহ নানা ভাবে তারা প্রতারণার চেষ্টা করে। এই প্রতারকদের খপ্পরে পড়ে কেউ যদি একবার ওটিপি দিয়ে দেন, তাহলে সেই মোবাইলের সমস্ত তথ্য সংগ্রহ করে নিচ্ছে সাইবার প্রতারকরা। যেহেতু এখন একজন ব্যক্তি একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকেন, সে কারণে সেগুলিতে পৌঁছে যায় এপিকে ফাইল। হোয়াটস অ্যাপ অ্যকাউন্ট যাঁর নামে রয়েছে তাঁর নামেই পৌঁছে যায় এই ফাইল। কোনোভাবে সেটা খুললেই ঘটে যাচ্ছে বিপত্তি। সে কারণে মোবাইলে কোনো এপিকে ফাইল রয়েছে কিনা সেটা দেখতে হবে। দেখতে পেলেই মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে ডিলিট করে দেওয়া সব থেকে ভালো। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতেও দেখতে হবে এপিকে ফাইল রয়েছে কিনা।
ময়নাগুড়ি আনন্দনগর পাড়া এলাকার বাসিন্দা দীপঙ্কর সরকার বলেন, আমাদের ঠিকাদারের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই গ্রুপে হঠাৎ করে একটি এপিকে ফাইল আসে। সেটি আমার পরিচিত একজনের মোবাইল থেকে এসেছিল। সেটি খোলার পর আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫৭ হাজার টাকা লোপাট হয়ে যায়। আমিও থানায় অভিযোগ দায়ের করেছি।



