শীতকালীন অধিবেশনেই পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের বিল লোকসভায়, দাবি রাজু বিস্তার
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার লোকসভায় পেশ হবে পাহাড়ের রাজনৈতিক স্থায়ী সমাধানের বিল। সোমবার শিলিগুড়িতে সাংবাদিকদের কাছে একথা বলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। একই সঙ্গে এনকাউন্টার ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের প্রশংসা করে তিনি বলেন, রাজ্যে এখন সাফাই অভিযান চলছে। তোলাবাজি, সিন্ডিকেট রাজ, পাচারও বন্ধের মুখে।

Advertisement

গোর্খাল্যান্ডের দাবি বহুদিনের। সংশ্লিষ্ট দাবিকে পিপিএস বা স্থায়ী রাজনৈতিক সমাধানের মোড়কে পাহাড়ে তুলে ধরেছে বিজেপি। পিপিএস ইস্যুতেও পাহাড়ের রাজনৈতিক দলগুলি বহুদিন ধরে গলা ফাটাচ্ছে। এবার সংশ্লিষ্ট ইস্যুতে লোকসভার শীতকালীন অধিবেশনে বিল পেশ হবে বলেই জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ।
এদিন পাথরঘাটায় একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে বিস্তা বলেন, পিপিএস ইস্যুতে বৈঠকের আর কোনো প্রয়োজন নেই। মধ্যস্থতাকারী বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করবেন। এরপর লোকসভার শীতকালীন অধিবেশনে সংশ্লিষ্ট ইস্যুতে বিল পেশ হবে। 
এদিকে, ছ’মাসে রাজ্যে পাঁচটি এনকাউন্টার। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ, রায়গঞ্জ ও নানুরে ঘটনাগুলি ঘটেছে। এনিয়ে বিজেপি-শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ, রাজ্যে এনকাউন্টার সংস্কৃতি তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে বিস্তা বলেন, বাংলায় ধর্ষক, খুনিদের জায়গা নেই। রাজ্যে এখন সাফাই অভিযান চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুলিশ সঠিক কাজই করছে।
অন্যদিকে, তোলাবাজি, সিন্ডিকেট রাজ নিয়ে সরব বিজেপির রাজ্য কার্যকর্তাদের পাশাপাশি মন্ত্রীরা। ইতিমধ্যে তাঁরা এব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। এদিন বিস্তা বলেন, বিগত বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে রাজ্যে তোলাবাজ, সিন্ডিকেট রাজ, গোরুপাচারকারীদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। আমাদের সরকার আসতেই অবৈধ ওই কারবারের অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে। সংশ্লিষ্ট কারবার সম্পূর্ণ নির্মূল করা হবে।