সংবাদদাতা, আলিপুরদুয়ার: গত ২০-২৫ বছর ধরে বনদপ্তরে স্থায়ী নিয়োগ হয়নি। তার জেরে দপ্তরের একেবারে নীচু স্তরে রাজ্যজুড়ে তীব্র কর্মীসংকট তৈরি হয়েছে। এর ফলে জঙ্গল ও বন্যপ্রাণী সুরক্ষার কাজে পদে পদে সমস্যার মুখে পড়তে হচ্ছে বনদপ্তরকে। তাই জঙ্গল ও বন্যপ্রাণী সুরক্ষায় আপাতত সাময়িক সময়ের জন্য রাজ্য পুলিশের কাছ থেকে ‘কর্মী’ ধার নিচ্ছে বনদপ্তর। পরে বনদপ্তরের স্থায়ী কর্মী নিয়োগের সমস্যা মিটে গেলে পুলিশ কর্মীরা ফের ফিরে যাবেন তাঁদের দপ্তরে। সোমবার রাজ্য পুলিশ থেকে এই কর্মী ধার নেওয়ার কথা জানান রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ।
বনমন্ত্রী বলেন, আপাতত এএসআই পদমর্যাদার ১০০ জন পুলিশ আধিকারিক এবং ৪০০ জন কনস্টেবলকে বনদপ্তরের কাজে লাগানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানানো হয়েছে। পরে বনদপ্তরের স্থায়ী কর্মী নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলে ওই পুলিশ কর্মীরা তাঁদের নিজেদের দপ্তরে ফিরে যাবেন।
বনমন্ত্রীর অভিযোগ, একটানা ২০-২৫ বছর ধরে দপ্তরে স্থায়ী নিয়োগ করা হয়নি। ফলে রাজ্যে জঙ্গল ও বন্যপ্রাণী সুরক্ষার কাজে আমাদের হিমশিম খেতে হচ্ছে। কোনো কোনো বনবিভাগে তো কর্মী সংখ্যা একেবারের ৫০ শতাংশের নীচে নেমে গিয়েছে। ডিএল’দের (ডেইলি লেবার) নিয়ে সেই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। কিন্তু, তাতে নানা সমস্যা তৈরি হচ্ছে। বনমন্ত্রী বলেন, রাজ্যে আমাদের সরকার ক্ষমতায় এসেই রাজ্য পুলিশে এএসআই, কনস্টেবল ও হোমগার্ড নিয়োগ হয়েছে। সেই জন্যই মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য পুলিশ থেকে কর্মী ধার নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুমতি পেলেই রাজ্য পুলিশ থেকে কর্মী ধার নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
প্রসঙ্গত, ধান কাটার মরশুম শুরু হতেই ডুয়ার্সজুড়ে হাতির উপদ্রব শুরু হয়ে গিয়েছে। আবার ডুয়ার্স রানি বক্সার বাঘিনিকে নজরে রাখতেও প্রচুর বনকর্মীর দরকার হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতেই বনদপ্তর এবার রাজ্য পুলিশ থেকে কর্মী ধার নেওয়ার সিদ্ধান্ত নিল। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।



