২০ নভেম্বর কুড়মি সমাজের নেতাদের সঙ্গে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা,পুরুলিয়া: আগামী ২০ নভেম্বর কুড়মি সমাজের নেতাদের সঙ্গে নবান্নে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সমাজের দাবি দাওয়ার পাশাপাশি পুরুলিয়া সহ গোটা জঙ্গলমহলের উন্নয়ন এবং সমস্যার বিষয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে শুধু মুখ্যমন্ত্রী নন, ওই বৈঠকে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী এবং মুখ্যসচিবেরও উপস্থিত থাকার কথা রয়েছে।  বাঁকুড়া থেকে মুখ্যমন্ত্রী নিজেই ২১ নভেম্বর পুরুলিয়া আসার কথা জানিয়েছিলেন। কিন্তু ওইদিনই প্রধানমন্ত্রী রাজ্যে আসায় মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর বাতিল হয় বলে প্রশাসন সূত্রে জানাগিয়েছে। তবে ২০ নভেম্বর কুড়মি সমাজের নেতাদের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে বলে আদিবাসী কুড়মি সমাজ সূত্রে জানা গিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শশাঙ্ক শেখর মাহাত বলেন, ২১ নভেম্বর মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর বাতিল হয়েছে। সেই সঙ্গে আগে ১৭ নভেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে যে বৈঠকের কথা ছিল তা পিছিয়ে আগামী ২০ নভেম্বর হবে। শশাঙ্কবাবু আরও বলেন, ১০-১২ জন প্রতিনিধির যাওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যসচিব, একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকেরা উপস্থিত থাকবেন। বৈঠকে কুড়মিদের সামাজিক দাবিগুলির বিষয়ে আলোচনা হবে। কুড়মিদের এসটি তালিকাভুক্ত করার পাশাপাশি, ভাষা এবং ধর্মীয় কোডের বিষয়েও আলোচনা হবে। এছাড়াও পুরুলিয়া সহ জঙ্গলমহলের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে ওই দিনের বৈঠকে। এলাকার উন্নয়নের বিভিন্ন দাবি দাওয়া এবং কিছু স্থানীয় সমস্যার বিষয়েও আলোচনা হবে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং মন্ত্রীরাও উপস্থিত থাকলে আলোচনা আরও ফলপ্রসূ হবে। এদিন আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরও বলেন, মুখ্যমন্ত্রী কুড়মিদের দাবির বিষয়ে যথেষ্ট সহানুভূতিশীল। সমস্ত বিষয়ে খোলামেলা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কুড়মিদের সামাজিক দাবির বিষয়ে একাধিক আদিবাসী সংগঠনের বিরোধীতার বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শশাঙ্কবাবু। এবিষয়ে তিনি বলেন, কুড়মিদের সামাজিক দাবি পূরণ হওয়া বা না হওয়ার সঙ্গে অন্য কোনো সংগঠনের সম্পর্ক নেই। গোটা বিষয়টি সরকার দেখছে। তাই অন্য কোনও সংগঠনের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনাই নেই।

Advertisement