ওয়াশিংটন, ৫ জুন: প্যালেস্তাইনকে মুক্ত করার স্লোগান দিয়ে কোলোরাডোর একটি শপিং মলের বাইরে ‘ফায়ার বম্ব’ ছুড়েছিলেন মিশরের এক নাগরিক। বড়সড় কোনও ক্ষতি না হলেও এই ঘটনা চিন্তা বাড়িয়ে তোলে মার্কিন প্রশাসনের। তারপর থেকেই তটস্থ ছিল ট্রাম্প প্রশাসন। সেই ঘটনার কথা মাথাতে রেখে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মার্কিন প্রশাসন। ১২টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের উপর জারি হল নিষেধাজ্ঞা। আগামী ৯ জুন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করতে পারবেন না আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো, গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকরা। এরই সঙ্গে বেশ কিছু দেশের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশের ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ চালু করা হয়েছে। সেই দেশগুলি হল- বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওনে, টোগো, তুর্কেমেনিস্তান ও ভেনেজুয়েলা। দেশের নিরাপত্তার কথা মাথাতে রেখেই এই নতুন নিয়ম লাগু করেছে ট্রাম্প প্রশাসন।



