দত্তপুকুর থানার সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু! উদ্ধার সুইসাইড নোট
  • ৩০ অক্টোবর, ২০২৬ ১২:২২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুর থানার এক সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম অনির্বাণ বসু। বাড়ি দত্তপুকুর থানার নিবাধুই এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তাতে আত্মহত্যার নেপথ্যে থাকা একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেছেন অনির্বাণ। সেই তালিকায় রয়েছেন কয়েকজন সিভিক ভলান্টিয়ার এবং এক মহিলা আইনজীবীও এমনটাই খবর।

Advertisement

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা আইনজীবীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল অনির্বাণের। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে ছেদ পড়ে। অভিযোগ, সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই মহিলা আইনজীবী অনির্বাণকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছিলেন। সেই কারণেই মানসিক ভাবে ভেঙে পড়েন অনির্বাণ বলে অভিযোগ পরিবারের। মৃতের মা কল্পনা বসুর দাবি, ঘটনার দিন গভীর রাতে দত্তপুকুর থানার পুলিশ এবং কয়েকজন সিভিক ভলান্টিয়ার আচমকাই তাঁদের বাড়িতে আসেন। দরজায় ধাক্কাধাক্কি করে গেট খোলার পর তাঁরা অনির্বাণের ঘর খুলতে বলেন। ঘরের দরজা খুলতেই ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। এই ঘটনার পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের আসার আগেই কি আত্মঘাতী হয়েছিলেন অনির্বাণ? নাকি কোনো ঘটনার পর এই চরম সিদ্ধান্ত? সুইসাইড নোটে যাঁদের নাম রয়েছে, তাঁদের ভূমিকা কী? সব দিক খতিয়ে দেখার দাবি উঠেছে এলাকায়।

কল্পনাদেবীর দাবি, দীর্ঘদিন ধরে ছেলের উপর বিভিন্ন ভাবে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত করার পাশাপাশি তাঁদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।