গঙ্গা থেকে মূর্তি তুলেই চলে সংসার, দুর্গা‑লক্ষ্মীর কাঠামোয় মাটি লেপে কালী তৈরি হচ্ছে কুমোরটুলিতে
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  দুর্গা ও লক্ষ্মী মূর্তির কাঠামো গঙ্গা থেকে তুলে ডাঁই করে রাখা কুমোরটুলির বিভিন্ন জায়গায়। বড়ো-মাঝারি-ছোটো সে কাঠামো দিয়ে তৈরি হচ্ছে কালী। আর কিছু কাঠামো সরিয়ে রাখা হয়েছে। তা হয়ে গড়ে তোলা হবে জগদ্ধাত্রী।

Advertisement

এখন পটুয়াপাড়া বিভিন্ন মৃৎশিল্পীর ঘরের সামনে স্তূপাকৃতি হয়ে পড়ে ভেজা কাঠামো। পটুয়াপাড়ার শিল্পীরা জানিয়েছেন, দুর্গা ও লক্ষ্মী গঙ্গায় বিসর্জনের পর কিছু মানুষ কাঠামো তুলে আনেন জল থেকে। তারপর দাম ঠিক করে শিল্পীদের কাছে বিক্রি করেন। কাঠামো তোলা ও বিক্রি করে মানুষগুলি পুজোর মরশুমে বাড়তি উপার্জন করেন। কুমোরটুলি, বাগবাজার, শোভাবাজারের বাসিন্দারা জানালেন, গঙ্গা থেকে কাঠামো তোলার ফলে নদীদূষণ হয় না। আদালতের নির্দেশে গঙ্গায় আবর্জনা ফেলা দণ্ডনীয় অপরাধ। তাই এখন মানুষ শহরের গঙ্গার ঘাটগুলিতে থাকা ডাম্পিং জোনে ফেলেন পুজোসামগ্রী। এর ফলে গঙ্গা অনেকাংশে পরিষ্কার থাকে। শোভাবাজার গঙ্গার ঘাটে দাঁড়িয়ে সঞ্জয় কাঁড়ার নামে এক যুবক বলেন, ‘দু’টি দুর্গা ও সাতটা লক্ষ্মীর কাঠামো গঙ্গা থেকে তুলতে পেরেছি। তা কুমোরপাড়ায় বিক্রি করেছি। এখন অপেক্ষা করছি কালীপুজোর জন্য। কারণ কালীপুজো বেশি হয়।’ বাগবাজারের গঙ্গার ঘাটেও এই কাজে যুক্ত কয়েকজন যুবক দাঁড়িয়ে। তাঁদের মধ্যে সঞ্জয় হালদার নামে একজন ছিলেন। তিনি বলেন, ‘সামান্য কাজ করে দিন গুজরান করি। পুজোর সময় কাঠামো তোলার কাজ করি। তাতে যা টাকা পাই তা দিয়ে সংসারের কিছু সুরাহা করতে পারি। বাড়িতে বাবা ও মার বয়স হয়েছে। বাবা অসুস্থ। ওই টাকায় ওষুধ কিননি আমি।’ এই সমস্ত মানুষগুলির বক্তব্য, ‘বছরে বারবার ফিরে ফিরে আসুক পুজো‑পার্বণ।’