বরানগরে ছাত্রীকে শ্লীলতাহানিতে অভিযুক্ত বাড়ির মালিক, চাঞ্চল্য
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বাড়ি মালিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ওই ছাত্রী বৃদ্ধ বাড়ি মালিকের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃদ্ধ স্থানীয় লোল্যান্ড দুর্গাপুজো কমিটির সঙ্গে যুক্ত। 

Advertisement

জানা গিয়েছে, ওই ছাত্রীর বাড়ি আসানসোল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিকস বিভাগে স্নাতকোত্তর বিভাগে পড়াশোনা করেন। নেতাজি কলোনির ওই বৃদ্ধের বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন। তাঁর অভিযোগ, বুধবার রাতে তিনি খাবার খেয়ে নিজের ঘরে ঢুকছিলেন। সেইসময় বৃদ্ধ তাঁকে নিজের ঘরে ডেকে আর্থিক সমস্যা আছে কি না জানতে চায়। পরে তাঁকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে। তিনি কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিজের ঘরে দৌড়ে পালান। এরপর ওই বেপরোয়া বৃদ্ধ ওই ছাত্রীর ঘরের দরজায় গিয়ে ধাক্কা মারে বলে অভিযোগ। ছাত্রী বলেন, ‘ওই বৃদ্ধের আচরণ আমার বান্ধবীরাও দেখেছে। স্থানীয় কাউন্সিলার প্রথমে থানায় যেতে বলেছিল। পরে বসে আলোচনার কথা বলে। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযুক্ত বৃদ্ধের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। যদিও এলাকার কিছু মহিলার পালটা দাবি, ওই বৃদ্ধকে ফাঁসানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ৬৯ বছর। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।