নৈহাটিতে গঙ্গার ঘাট ৯ কোটি টাকা ব্যয়ে সাজিয়ে তুলছে পরিবহণ দপ্তর
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি গঙ্গার ঘাট সেজে উঠবে আধুনিক জেটি সহ। তৈরি হবে প্রতিমা বিসর্জনের বিশেষ সুবিধাও। বড়মা সহ অনেক বড় বড় প্রতিমা ওই গঙ্গার ঘাটে বিসর্জন হয়। কালীপুজোর সময় বড়মা বিসর্জনের পর অন্য কালী প্রতিমা বিসর্জন হয়। তাই প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, সেই পরিকল্পনা করা হয়েছে। পরিবহণ দপ্তরের ইঞ্জিনিয়াররা ডিপিআর তৈরির কাজ শুরু করেছেন। এর জন্য ন’কোটি টাকা বরাদ্দ করেছে দপ্তর।

Advertisement

কালীপুজোর সময় ওই গঙ্গার ঘাটে স্নান করেন হাজার হাজার ভক্ত। অরবিন্দ রোডে বড়মা মন্দির পর্যন্ত দণ্ডিও কাটেন তাঁরা। গত বছর সেই সংখ্যা ২৫০০০ ছাড়িয়ে গিয়েছিল। এবার ৭ নভেম্বর থেকে দণ্ডিকাটা শুরু হবে। চলবে ৮ তারিখ সন্ধ্যা পর্যন্ত। ৮ তারিখ রাতেই কালীপুজো। ওই ভক্তদের যাতে কোনোরকম অসুবিধা না হয়, সেজন্য নতুন করে তৈরি হচ্ছে ওই গুরুত্বপূর্ণ ও ব্যস্ত ওই গঙ্গার ঘাট। তবে এ’বছর ভক্তরা নতুন ঘাটের সুবিধা পাবেন না। অনেকদিন ধরে নৈহাটি-চুঁচুড়া ফেরি সার্ভিস চলছে। বহু মানুষ স্কুল, কলেজ, আদালতে যাবার জন্য ফেরি সার্ভিস ব্যবহার করে। সেই ফেরিঘাটও নতুন করে করার পরিকল্পনা করা হয়েছে। এ ব্যাপারে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, নৈহাটি গঙ্গার ঘাটে ফেরি সার্ভিস তো আছেই। এছাড়াও বহু মানুষ স্নান করে বড়মা মন্দিরে পুজো দেন। সেখানে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য নতুন করে সাজিয়ে তোলা হবে এই গঙ্গার ঘাটকে। তবে ঘাটটি খুবই সংকীর্ণ। সে কথা মাথায় রেখেই বিসর্জনের ব্যবস্থা সহ সুন্দর করে তৈরি হবে গঙ্গার ঘাট।