নিজস্ব প্রতিনিধি. কলকাতা: সাতসকালেই অগ্নিকাণ্ড শহরে। দক্ষিণ কলকাতার অন্যতম অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সের একটি বিল্ডিংয়ের ২৭ তলা আবাসনের সার্ভেন্ট কোয়ার্টারে আচমকাই আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শুক্রবার। প্রথমে স্থানীয়রা কালো ধোঁয়া দেখতে পেয়ে অতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন।
দমকল সূত্রে জানা গিয়েছে, সাউথ সিটি কমপ্লেক্সের ৩ নম্বর টাওয়ারের ২৭ তলার একটি আবাসনে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। বহুতলের ভিতরে কেউ আটকে নেই বলেও জানিয়েছে দমকল সূত্র। আবাসনের বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে। প্রথমে কালো ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তারপর দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে ওই ফ্ল্যাটে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর শুরু হবে তদন্ত। অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও এখনও স্পষ্ট নয়। পরিস্থিতির উপর নজর রাখছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা।



