নিজস্ব প্রতিনিধি, বারাসত: নেশার কারবারের প্রতিবাদ করায় বারাসত মহকুমার পৃথক দু’টি জায়গায় হামলার অভিযোগ উঠল। দেগঙ্গায় গাঁজা বিক্রির প্রতিবাদ করে ধারাল অস্ত্রের কোপ খেলেন বিজেপির এক বুথ সভাপতি। অন্যদিকে, বারাসত শহরে নেশার প্রতিবাদ করায় এক যুবককে তাড়া করে মারধরের অভিযোগ উঠেছে। দু’টি ঘটনাতেই থানায় লিখিত অভিযোগ হয়েছে।
দেগঙ্গার সিরাজপুরে শনিবার রাতে আক্রান্ত হন চাকলা পঞ্চায়েতের ২৩৮ নম্বর বুথের বিজেপি সভাপতি শুভজিৎ মল্লিক। তাঁর অভিযোগ, এলাকায় গাঁজা-সহ মাদক বিক্রির প্রতিবাদ করায় আলামিন মণ্ডল নামে এক যুবক ধারাল অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হন। গলা, ঘাড় ও পিঠে কোপ মারা হয় বলে অভিযোগ। অভিযোগ, আলামিন দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা-সহ মাদক বিক্রি এবং নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। মাদক কারবার বন্ধ করার জন্য তাঁকে আগে সতর্ক করা হয়েছিল। কিন্তু এলাকা বদলে ফের তিনি কারবার শুরু করেন বলে অভিযোগ। শনিবার রাতে তারই প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন শুভজিৎ। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আলামিনের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই আলামিন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। ঘটনায় সরব জেলা বিজেপি নেতৃত্বও। অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেছে তারা। অন্যদিকে, বারাসতের ১৪ নম্বর ওয়ার্ডে নেশার প্রতিবাদ করে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে সম্রাট সিংহ নামে এক যুবকের। তাঁর দাবি, বারাসতের কাছারি মাঠ এলাকায় বেশ কিছু যুবক দীর্ঘদিন ধরে নেশা করতেন। তা নিয়ে এলাকায় উত্তেজনাও তৈরি হত। বিশ্বকর্মা পুজোর রাতে এই ঘটনার প্রতিবাদ করেন সম্রাট। অভিযোগ, প্রতিবাদ করার পরেই কয়েকজন যুবক তাঁকে তাড়া করে বেধড়ক মারধর করেন। ঘটনায় আহত সম্রাট বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শনিবার রাতে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।