নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরো চাপে অভিষেক। শুক্রবার সন্ধ্যায় পুলিশি হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে ডায়মন্ডহারবারের সাংসদের কালীঘাটের বাড়িতে গিয়ে হাজিরার নোটিস ধরায় পুলিশ। সেই আবহের মধ্যেই শনিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হল ভবানীপুর থানায়। পুরোনো একটি বিতর্কমূলক সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করেই আজ তাঁকে তলব করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনার সূত্রপাত গত ২ মে। ওই দিন সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন অভিষেক। সেখানে কেন্দ্রীয় সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি লেখেন, তাঁর ‘ডায়মন্ড হারবার মডেল’-এর ক্ষতি করার ক্ষমতা বিরোধীদের নেই। এমনকি গোটা কেন্দ্রীয় সরকারকে ফলতায় এসে নির্বাচনে লড়াই করার চ্যালেঞ্জও জানান তিনি। পোস্টে ‘বাংলা-বিরোধী গুজরাতি গ্যাং’ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেও তীব্র আক্রমণ করেন সাংসদ। অভিষেকের সেই পোস্টকে কেন্দ্র করেই থানায় একটি অভিযোগ জানান ভবানীপুরের এক বাসিন্দা। তাঁর অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। সেই মামলার সূত্র ধরেই এবার ভবানীপুর থানায় আজ তাঁকে ডাকা হয়েছে।
অন্যদিকে, ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের মদতে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে পুলিশ। একই সঙ্গে সরকার পরিবর্তন হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। অভিষেকের সেই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। এরপর গত ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলাতেই অভিষেককে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর বাড়িতে গিয়ে থানায় হাজিরার নির্দেশ দিয়ে নোটিস দেয় পুলিশ। আগামী ২০ নভেম্বর বেলা ১১টার মধ্যে তাঁকে গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



